শুক্রবার ৩১ জুলাই ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


ভবন সংকটে মোরেলগঞ্জের ফকিরবাড়ী দাখিল মাদ্রাসা, টিনের ঘরে গরমে অতিষ্ঠ শিক্ষার্থীরা
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৮:৫৯ পিএম  (ভিজিট : ১৪)
দক্ষিণ-পশ্চিমাঞ্চলেরবিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাদুরতলা চৌদ্দঘর ফকিরবাড়ী দাখিল মাদ্রাসায় অবকাঠামোগত সংকট চরম আকার ধারণ করেছে। টিনের চালার শ্রেণিকক্ষে প্রচণ্ড গরমে পাঠদান ও পাঠগ্রহণ ব্যাহত হচ্ছে। একই সঙ্গে শিক্ষক মিলনায়তনের দেয়ালে বড় ধরনের ফাটল দেখা দেওয়ায় শিক্ষক-কর্মচারীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, ১৯৯৩ সালে মরহুম আলহাজ আব্দুল মজিদ ফকির ও ফকিরবাড়ীর ওয়ারিশদের সহযোগিতায় প্রতিষ্ঠিত মাদ্রাসাটিতে বর্তমানে ২৫২ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। প্রতিবছর দাখিল পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করলেও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের নানা ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।

মাদ্রাসার অধিকাংশ শ্রেণিকক্ষ কাঠ ও টিনের তৈরি। গ্রীষ্মকালে টিনের চালার নিচে তাপমাত্রা অসহনীয় হয়ে ওঠে। শ্রেণিকক্ষে ফ্যান থাকলেও গরম বাতাসের কারণে তা খুব একটা কার্যকর হয় না। ফলে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে এবং শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়।

দশম শ্রেণির শিক্ষার্থী হেলেনা আক্তার ও হালিমা আক্তার জানায়, মাদ্রাসায় ছাত্রীদের জন্য পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা নেই। লাইব্রেরি সংলগ্ন ওয়াশরুম ব্যবহার করতে হয়। প্রচণ্ড গরমে দীর্ঘ সময় ক্লাস করতে গিয়ে অনেক সময় অসুস্থ হয়ে পড়তে হয় এবং শ্বাসকষ্টের সমস্যাও দেখা দেয়।

সিনিয়র শিক্ষক মাহাবুবুর রহমান বলেন, “শিক্ষকদের বসার জন্য ব্যবহৃত লাইব্রেরি কক্ষ ও মিলনায়তনের দেয়ালে বড় ধরনের ফাটল সৃষ্টি হয়েছে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।”

মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল হাই ছিদ্দিকী বলেন, “মোরেলগঞ্জের অনেক স্কুল ও মাদ্রাসায় নতুন ভবন নির্মাণ হয়েছে। আমাদের প্রতিষ্ঠানেও একাডেমিক ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে।”

মাদ্রাসা পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য জিল্লুর রহমান শাহিন বলেন, “দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি নানা সমস্যার মধ্যে রয়েছে। শিক্ষার্থীদের নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে দ্রুত একটি নতুন ভবন নির্মাণ জরুরি।”

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, “সরকার পর্যায়ক্রমে সব শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের কাজ করছে। উপজেলার অনেক প্রতিষ্ঠানে ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে এবং বেশ কয়েকটিতে কাজ চলমান রয়েছে। সংশ্লিষ্ট মাদ্রাসার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।”

স্থানীয় অভিভাবক ও সচেতন মহল দ্রুত একটি বহুতল একাডেমিক ভবন নির্মাণ, স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন এবং প্রয়োজনীয় আসবাবপত্র সরবরাহের দাবি জানিয়েছেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]