শুক্রবার ৩১ জুলাই ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


কমিউনিটি ক্লিনিকের সড়ক নির্মাণে ফের বাধা, সীমানা খুঁটি উপড়ে ফেলার অভিযোগ
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৮:৪৯ পিএম  (ভিজিট : ১৫)
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ ইউনিয়নে নির্মাণাধীন একটি কমিউনিটি ক্লিনিকের সরকারি সংযোগ সড়ক নির্মাণে আবারও বাধা প্রদান ও নির্মিত রাস্তা ভাঙচুরের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। সরকারি লাল পতাকা ও সীমানা নির্ধারণী খুঁটি উপড়ে ফেলার পাশাপাশি নির্মাণাধীন রাস্তার ব্যাপক ক্ষতিসাধন করা হয়েছে বলে ভুক্তভোগী ও প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন।

​স্থানীয় সূত্র জানায়, হোসনাবাদ ইউনিয়নের জঙ্গল দক্ষিণ নিশ্চিন্তাপুর এলাকায় কমিউনিটি ক্লিনিকটিতে সাধারণ মানুষের যাতায়াত সুগম করতে সরকারি ১ নম্বর খতিয়ানের খাস জমিতে এই সংযোগ সড়কটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এর আগে সড়ক নির্মাণে আপত্তি উঠলে সম্প্রতি সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরেজমিনে উপস্থিত হয়ে সরকারি খাস জমির সীমানা নির্ধারণ করে দেন এবং লাল পতাকা টাঙিয়ে সড়ক নির্মাণের নির্দেশ দেন।

​তবে উপজেলা প্রশাসনের প্রত্যক্ষ হস্তক্ষেপে সীমানা চিহ্নিত করার পরও থেমে থাকেনি প্রভাবশালী একটি চক্র। অভিযোগ উঠেছে, কর্মকর্তাদের প্রস্থানের পরই রাতের আঁধারে বা সুযোগ বুঝে চিহ্নিত সীমানার লাল পতাকা ও খুঁটিগুলো উপড়ে ফেলা হয় এবং সদ্য নির্মিত রাস্তার বিভিন্ন অংশ ভাঙচুর করে বিনষ্ট করা হয়।

​প্রকল্প বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান পারভীন আক্তার ক্ষোভ ও হতাশা প্রকাশ করে বলেন, "এলাকাবাসীর বহুল প্রতীক্ষিত এই ক্লিনিকের রাস্তার কাজ প্রায় ৮০ শতাংশ সম্পন্ন হয়েছিল। এতটুকু কাজ শেষ হওয়ার পর এভাবে সরকারি কাজে বাধা দিয়ে রাস্তা নষ্ট করায় পুরো প্রকল্পটি অনিশ্চয়তায় পড়েছে। এতে করে সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়েছেন।"

​ঘটনার সত্যতা স্বীকার করে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "সরকারি কাজে বাধা প্রদান এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো ঘটনা কোনোভাবেই বরদাশত করা হবে না। এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।" তিনি আরও জানান, জনসাধারণের যাতায়াত নিশ্চিত করতে নতুন প্রকল্পের মাধ্যমে খুব দ্রুতই এই সংযোগ সড়কের বাকি কাজ সম্পন্ন করা হবে।

​এদিকে, সরকারি কাজে বারবার এমন বাধার ঘটনায় চরম ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে জঙ্গল দক্ষিণ নিশ্চিন্তাপুর এলাকার সাধারণ মানুষের মাঝে। সরকারি জায়গা দখল ও উন্নয়নমূলক কাজ পণ্ড করার অপচেষ্টায় লিপ্ত দোষীদের অভিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। একই সাথে স্বাস্থ্যসেবার স্বার্থে দ্রুততম সময়ে কমিউনিটি ক্লিনিকের সংযোগ সড়কের কাজ শেষ করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]