প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৮:৫২ পিএম
(ভিজিট : ১৪)
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের ইউনুসিয়া মাদ্রাসা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থান সূত্রে জানা যায়, দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির মুখোমুখি সংঘাত হয়। সংঘর্ষের প্রচণ্ডতায় মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে দুমড়েমুচড়ে যায়। এতে মোটরসাইকেলেই থাকা দুই আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
আহতরা হলেন: মো. আবচার হোসেন সাব্বির (৩৫): বনগ্রাম এলাকার জসিমের ছেলে। মিনহাজ উদ্দিন (২৫): হাফেজপাড়া এলাকার খুরশেদের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আবচারের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত চট্টগ্রাম শহরের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অন্য আহত মিনহাজ স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।