প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৮:৩৫ পিএম
(ভিজিট : ১১)
চট্টগ্রাম নগরীর দেওয়ানবাজার রুমঘাটা এলাকায় একটি মাটির তৈরি দোতলা বাড়ির দেয়ালে বড় ধরনের ফাটল দেখা দেওয়ায় তা এখন চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে গতকাল দুপুরে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ভবনটি দ্রুত ভেঙে ফেলার নির্দেশ দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে ভবনটির দেয়ালের একাংশ ভেঙে রাস্তায় পড়ে যায়। দীর্ঘদিন ধরেই বাড়িটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল বলে জানান তারা, আর সাম্প্রতিক টানা ভারী বৃষ্টিতে সেই ফাটল আরও ভয়াবহ আকার নেয়।
ভবনটির মালিক অমিতাস দেব মিঠু, যিনি চসিকের স্বাস্থ্য বিভাগে কর্মরত, জানান যে আজ থেকেই ভবন অপসারণের কাজ শুরু হবে এবং ঝুঁকিপূর্ণ অংশে বর্তমানে কেউ বসবাস করছেন না। এদিকে সতর্কতা হিসেবে স্থানীয় এক প্রহরী ভবনের সামনে লাল কাপড় টাঙিয়ে দেন, পাশাপাশি একজন নিরাপত্তাকর্মী "ঝুঁকিপূর্ণ ভবন, সাবধানে চলাফেরা করুন" লেখা সতর্কীকরণ নোটিশও লাগিয়ে দেন।
ঘটনাস্থল পরিদর্শনকালে মেয়র শাহাদাত হোসেন সরাসরি ভবন মালিককে সতর্ক করে বলেন, যেকোনো মুহূর্তে এটি ধসে পড়তে পারে এবং কোনো শিশু বা পথচারীর উপর পড়লে ঘটতে পারে বড় দুর্ঘটনা। তাই বিলম্ব না করে ভবনটি অপসারণের নির্দেশ দেন তিনি। মেয়র আরও বলেন, ঝুঁকিপূর্ণ কোনো স্থাপনাই জনসাধারণের জন্য নিরাপদ নয়, তাই তা দ্রুত অপসারণ করাই একমাত্র সমাধান। স্থানীয় বাসিন্দাদের প্রতি তিনি আহ্বান জানান, ভবনটির আশপাশে অপ্রয়োজনে কেউ যেন অবস্থান না করেন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে দ্রুত ঝুঁকি নিরসনের নির্দেশনা দেন।
এসময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান প্রকৌশলী মো. আনিসুর রহমান। তিনি জানান, দক্ষিণমুখী এই ভবনটির পূর্ব পাশের দেয়াল দেবে গিয়ে পাশের আরেকটি দেয়ালের সঙ্গে ঠেকে গেছে এবং সেখান থেকে কিছু অংশ রাস্তার উপরও পড়েছে। মেয়রের নির্দেশনা মোতাবেক দ্রুত ভবনটি অপসারণের প্রক্রিয়া শুরু হচ্ছে বলে জানান তিনি।