প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১১:৩৩ এএম
(ভিজিট : ২৭)

উচ্চ আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে পা রাখে বেলজিয়াম। দেশটির বিশ্বকাপযাত্রা থেমে গেছে কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে ২-১ গোলে হেরে। সেমিফাইনালে স্পেন ও ফ্রান্স একে-অপরের মুখোমুখি হবে। সেই ম্যাচের জয়ী দলই শিরোপা উঁচিয়ে ধরবে বলে মন্তব্য করেছেন বেলজিয়ামের গোলরক্ষক থিবো কর্তোয়া।
স্পেনের কাছে হেরে বিদায়ের পর সাংবাদিকের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন কর্তোয়া। তিনি বলেন, ‘স্পেন অবশ্যই বিশ্বকাপ জিততে পারে। তাদের দারুণ দল এবং প্রবল উদ্দীপনা রয়েছে। আমার বিশ্বাস, ওই সেমিফাইনালের বিজয়ীই বিশ্বচ্যাম্পিয়ন হবে।’
কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে চোটের কারণে বদলি হওয়ার কারণও ব্যাখ্যা করেন রিয়াল মাদ্রিদের এই গোলরক্ষক। তিনি জানান, উরুর সামনের পেশিতে (কোয়াড্রিসেপস) ব্যথা অনুভব করছিলেন। কর্তোয়া বলেন, ‘আমি গোলপোস্টে দাঁড়িয়ে থাকতে পারছিলাম, তবে লম্বা বল মোকাবিলা করতে সমস্যা হচ্ছিল। শেষ পর্যন্ত কোচ আমাকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন। এতে আমার কোনো সমস্যা নেই, কারণ দলের স্বার্থই সবার আগে।’
কুর্তোয়ার আগে স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালও দাবি করেছিলেন, এই বিশ্বকাপের সেরা দুটি দল স্পেন ও ফ্রান্স। যদি কেউ ফ্রান্সকে হারাতে পারে সেটা হবে স্পেন।
অন্যদিকে কর্তোয়ার মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো বিষয়টিকে গুরুত্ব দিতে চাননি।তিনি বলেন, ‘আমাদের পুরো মনোযোগ আগামীকালের ম্যাচে। এটা কঠিন হবে। অন্য খেলোয়াড়রা কী ভাবছে, সেটা আমরা শুনি না। প্রত্যেকের নিজস্ব মতামত থাকতে পারে, কিন্তু আমরা শুধু পরের ম্যাচ নিয়েই ভাবছি।’