প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৮:২২ পিএম
(ভিজিট : ১৪)
টানা পাঁচদিন বন্ধ থাকার পর অবশেষে স্বাভাবিক হয়েছে চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল। রবিবার (১২ জুলাই) ভোর ৬টা ১৫ মিনিটে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে যথাসময়ে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস নির্ধারিত সময়েই পৌঁছে যায় চট্টগ্রাম স্টেশনে। এরপর ২০ মিনিটের যাত্রাবিরতি শেষে ট্রেনটি কক্সবাজার আইকনিক রেলস্টেশনের উদ্দেশে রওনা দেয়।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন জানিয়েছেন, এই ট্রেন চলাচলের মধ্য দিয়ে চট্টগ্রাম-কক্সবাজার রুটের রেল যোগাযোগ পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরেছে। এ উপলক্ষে রবিবার সকাল সোয়া ১১টার দিকে তিনি নিজে ষোলশহর রেলস্টেশন পরিদর্শনে যান এবং ক্ষতিগ্রস্ত সেকশনের সাম্প্রতিক পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করেন। রেলওয়ে সূচি অনুযায়ী, পর্যটক এক্সপ্রেসটি চট্টগ্রাম রেলস্টেশন থেকে সকাল ১১টা ৪০ মিনিটে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে।
উল্লেখ্য, গত ৪ জুলাই মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে শুরু হয় ভারী বর্ষণ, যা পরে আরও তীব্র রূপ নেয়। এর জেরে ৭ জুলাই টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রেললাইন তলিয়ে গেলে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেসটি চট্টগ্রামের ষোলশহর রেলস্টেশন ও জানালিহাটের মাঝামাঝি এলাকায় আটকা পড়ে যায়। ওইদিন দুপুর ১২টা ৩৫ মিনিটে চট্টগ্রাম স্টেশন থেকে ছাড়ার মাত্র পাঁচ মিনিটের মধ্যেই রেললাইনে পানি জমে যাওয়ায় প্রায় হাজারখানেক যাত্রীসহ ট্রেনটি মাঝপথে থমকে যায়। পরিস্থিতির কারণে ট্রেনটিকে ফিরিয়ে আনা হয় স্টেশনে এবং সাময়িকভাবে পুরো রুটে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে রেলওয়ে কর্তৃপক্ষ। দীর্ঘ পাঁচদিনের বিরতির পর আজ থেকে আবার স্বাভাবিক ছন্দে ফিরল এই জনপ্রিয় রুটের ট্রেন সেবা।