রবিবার ১২ জুলাই ২০২৬ ২৮ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: স্পিকার
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৫:৪৬ পিএম  (ভিজিট : ১২)
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, স্ট্রেন্থেনিং পার্লামেন্টস ক্যাপাসিটি ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইস্যুজ (এসপিসিপিডি) প্রকল্পের আওতায় টেকসই, বৈষম্যহীন ও মানবসম্পদ কেন্দ্রিক সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বলেন, জনসংখ্যার রূপান্তর সংশ্লিষ্ট বিষয়কে সংসদে আলোচনায় নিয়ে আসা একটি গুরুত্বপূর্ণ বিষয়।

আজ রবিবার (১২ জুলাই) জাতীয় সংসদের শপথ কক্ষে এসপিসিপিডি প্রকল্পের আওতায় ‘পার্লামেন্টস রোল ইন রিয়ালাইজিং পপুলেশন ডিভিডেন্ডস, এসডিজিস অ্যান্ড আইসিপিডি কমিটমেন্টস’ শীর্ষক অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, বাংলাদেশ একটি ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে আছে। বিশ্ব জনসংখ্যা দিবসের স্থানীয় প্রতিপাদ্য ‘তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ বাস্তবায়ন নির্ভর করছে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপের ওপর। তরুনদের উন্নয়নের মাধ্যমে জনমিতিক লভ্যাংশকে কাজে লাগাতে হবে।

স্পিকার বলেন, ইউএনএফপিএ বাংলাদেশ এর কৌশলগত সহায়তায় জাতীয় সংসদ সদস্যদের এই ফোরাম গঠনের মাধ্যমে আইন ও নীতি নির্ধারণে মূল ভূমিকা পালন করবে। এর আওতায় বাল্যবিয়ে প্রতিরোধ ও আইন শক্তিশালীকরণ, কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য ও অধিকার, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনসংখ্যাগত লভ্যাংশ অর্জন ইত্যাদি বিষয়গুলো সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে অন্তর্ভুক্তির মাধ্যমে লক্ষ্যমাত্রা বাস্তবায়ন সহজ হবে।

স্পিকার এসময় স্বাস্থ্য, জেন্ডার সমতা, যুব উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত লক্ষ্য বাস্তবায়নে এ প্রকল্প কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি বলেন, বাংলাদেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ জনতাত্ত্বিক সময় পার করছে, যেখানে আমাদের জনসংখ্যার একটি বড় অংশই তরুণ। এই জনমিতি লভ্যাংশ বা ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’-কে অর্থনৈতিক সমৃদ্ধিতে রূপান্তর করতে সংসদ সদস্যদের নীতি নির্ধারণী ও স্থানীয় পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

এ সময় স্পিকারসহ অন্যান্য বক্তারা জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

অনুষ্ঠানে সংসদ-সদস্যরা, ইউএনএফপিএ'র কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, প্রকল্প পরিচালকসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]