রবিবার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


লক্ষ চোখে আলো দিয়ে চিরঅন্ধকারে হারিয়ে গেলেন অধ্যাপক রবিউল হোসেন
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৯:০৩ পিএম  (ভিজিট : ১৩)
যিনি সারাজীবন মানুষের চোখে আলো ফিরিয়ে দিয়েছেন, আজ তিনি নিজেই চলে গেলেন না-ফেরার পথে। চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা, দেশবরেণ্য চক্ষুবিশেষজ্ঞ অধ্যাপক রবিউল হোসেন আজ শনিবার দুপুর সাড়ে বারোটায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯০ বছর। বার্ধক্যজনিত জটিলতায় কিছুদিন ধরেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

শুধু একজন চিকিৎসক নন, অধ্যাপক রবিউল হোসেন ছিলেন একটি আন্দোলনের নাম। ১৯৭৩ সালে তাঁর হাতে গড়া বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতির ভ্রাম্যমাণ চক্ষুশিবিরে এখন পর্যন্ত প্রায় ১০ লাখ রোগীর চোখের অস্ত্রোপচার হয়েছে। ১৯৭৫ সাল থেকে শুরু হওয়া স্কুলশিক্ষার্থীদের দৃষ্টিশক্তি পরীক্ষা কর্মসূচির আওতায় চোখ পরীক্ষা হয়েছে প্রায় আট লাখ শিশুর।

১৯৮৩ সালে চট্টগ্রামের পাহাড়তলীতে তাঁর প্রতিষ্ঠিত ১৩০ শয্যার চক্ষু হাসপাতালটি আজ দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম আধুনিক চিকিৎসাকেন্দ্র হিসেবে স্বীকৃত। আন্তর্জাতিক অঙ্গনেও তাঁর পদচিহ্ন ছিল স্পষ্ট, এশিয়া প্যাসিফিক একাডেমি অব অপথালমোলজিতে দুই দশকের বেশি এবং ইন্টারন্যাশনাল এজেন্সি ফর প্রিভেনশন অব ব্লাইন্ডনেসের চেয়ারম্যান হিসেবে আট বছর দায়িত্ব পালন করেছেন তিনি।

আজ রাতে জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে এশার নামাজের পর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল রবিবার সকাল ৯টায় চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে দ্বিতীয় এবং মিরসরাইয়ের কাঠাছড়ায় জোহরের পর তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

দুই ছেলে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে যাওয়া এই মানুষটি চলে গেছেন, কিন্তু লক্ষ মানুষের চোখে যে আলো তিনি জ্বালিয়ে গেছেন তা নিভবার নয়।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]