রবিবার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও ধর্মীয় শিক্ষার প্রসারেও সমান গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. লিটন এমপি
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৮:৩৩ পিএম  (ভিজিট : ১০)
শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাবান্ধব অবকাঠামো গড়ে তুলতে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও ধর্মীয় শিক্ষার প্রসারেও সমান গুরুত্ব দিয়ে কাজ করছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলার তিনটি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণে ৪ কোটি ৬৫ লাখ টাকার মেগা প্রকল্পের বরাদ্দ অনুমোদন করা হয়েছে।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (EED) থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়া এ প্রকল্পের আওতায় উপজেলার তিনটি প্রতিষ্ঠানের প্রতিটিতে ১ কোটি ৫৫ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো— কানিহারী ইউনিয়নের বাঘাদরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার নতুন একাডেমিক ভবন নির্মাণে ১ কোটি ৫৫ লাখ টাকা। আমিরাবাড়ী ইউনিয়নের কাশীগঞ্জ জুনিয়র বালিকা বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন নির্মাণে ১ কোটি ৫৫ লাখ টাকা ও ধানীখোলা ইউনিয়নের হাজী চেরাগ আলী কলেজের নতুন একাডেমিক ভবন নির্মাণে ১ কোটি ৫৫ লাখ টাকা।

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, "আগামী প্রজন্মকে আধুনিক, দক্ষ ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষা খাতে অবকাঠামোগত উন্নয়নের বিকল্প নেই। সে লক্ষ্যেই ত্রিশালের তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ৪ কোটি ৬৫ লাখ টাকার বরাদ্দ আনা হয়েছে।"

তিনি আরও বলেন, "শুধু ভবন নির্মাণই নয়, শিক্ষা প্রতিষ্ঠানের বিদ্যমান সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা, পাঠদানের মান উন্নয়ন এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কঠোর নজরদারি অব্যাহত থাকবে। একই সঙ্গে ত্রিশালবাসীর সার্বিক উন্নয়নে বড় বড় সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের কার্যক্রম চলমান রয়েছে।"

স্থানীয় শিক্ষাবিদ ও অভিভাবকদের মতে, নতুন একাডেমিক ভবন নির্মাণের ফলে শিক্ষার্থীরা আরও নিরাপদ, আধুনিক ও মানসম্মত পরিবেশে পাঠগ্রহণের সুযোগ পাবে। পাশাপাশি সাধারণ, কারিগরি ও ধর্মীয় শিক্ষার সমন্বিত বিকাশে এ উদ্যোগ ত্রিশালের শিক্ষা খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]