রবিবার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক সক্ষমতা বৃদ্ধি সরকারের মূল লক্ষ্য : মিলন এমপি
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৯:১৩ পিএম  (ভিজিট : ১০)
গাজীপুরের কালীগঞ্জে শিক্ষা বিস্তার, প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে একদিনে একাধিক উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন ও উপকারভোগীদের মাঝে বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত শুক্রবার বিকেলে কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের মূল লক্ষ্য শিক্ষার প্রসার, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক সক্ষমতা বৃদ্ধি করা। এসব উদ্যোগের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নভিত্তিক এসব কর্মসূচি উপকারভোগীদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়নের ভিত্তি আরও সুদৃঢ় করবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রশাসন জানায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় উপজেলা উন্নয়ন সহায়তা তহবিল থেকে মাধ্যমিক পর্যায়ের অস্বচ্ছল ও মেধাবী ১৫৭ শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। এর মধ্যে ৮০ জন ছাত্র ও ৭৭ জন ছাত্রী রয়েছেন।

এছাড়া আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে দুস্থ ও অসচ্ছল ১৫০ নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। ‘সাসটেইনেবল ক্যাম্পাস ইনিশিয়েটিভ (এসসিআই)’ কর্মসূচির আওতায় উপজেলার ৯৩টি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ইন্টারেকটিভ ডিজিটাল স্মার্ট বোর্ড, বিশুদ্ধ পানির ফিল্টার এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

অন্যদিকে, সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বাস্তবায়িত সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত ১০টি পরিবারের মাঝে দুটি করে ছাগল, ১০ কেজি প্রাণিখাদ্য এবং ছাগল পালনের জন্য প্রয়োজনীয় গৃহ নির্মাণ উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান। কর্মসূচিগুলো বাস্তবায়ন করে কালীগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এবং নাগরী, বক্তারপুর, বাহাদুরসাদী, জামালপুর ও মোক্তারপুর ইউনিয়ন পরিষদ। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লীমা, থানার ওসি মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মাস্টার হুমায়ুন কবির, সদস্য সচিব আলহাজ খালেকুজ্জামান বাবলুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]