প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৮:৪৩ পিএম
(ভিজিট : ৯)
মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের ন্যায্য অধিকার সংরক্ষণ, প্রাতিষ্ঠানিক সেবার সম্প্রসারণ এবং সার্বিক কল্যাণ নিশ্চিতকরণের লক্ষ্যে ৬ দফা দাবি-সংবলিত একটি স্মারকলিপি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরের নিকট হস্তান্তর করেছে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, মালদ্বীপ শাখা।
মঙ্গলবার (২৩ জুন) সংগঠনের সভাপতি মো. আলমগীর সিকদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রতিমন্ত্রীর হাতে স্মারকলিপিটি আনুষ্ঠানিকভাবে তুলে দেয়।
স্মারকলিপিতে মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি শ্রমিক, পেশাজীবী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের দীর্ঘদিনের বহুমাত্রিক সমস্যা, প্রশাসনিক জটিলতা এবং আর্থিক প্রতিবন্ধকতার বিষয়গুলো তুলে ধরা হয়। পাশাপাশি এসব সংকট নিরসনে সরকারের সংশ্লিষ্ট দপ্তরসমূহের সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
উত্থাপিত দাবিসমূহের মধ্যে রয়েছে— বৈধ ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে মালদ্বীপীয় রুফিয়া থেকে বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণের সুযোগ সম্প্রসারণ, মালদ্বীপে বাংলাদেশি ব্যাংকের শাখা বা প্রতিনিধি কার্যালয় স্থাপন, পাসপোর্ট নবায়ন ও সংশোধন ফি স্থানীয় মুদ্রায় গ্রহণের ব্যবস্থা এবং বাংলাদেশি উদ্যোক্তাদের নিজস্ব মালিকানায় ব্যবসা পরিচালনার প্রাতিষ্ঠানিক স্বীকৃতি নিশ্চিতকরণ।
এছাড়া মালদ্বীপের শ্রমবাজার পূর্ণাঙ্গভাবে পুনরায় উন্মুক্তকরণ, অভিবাসন ব্যয় যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা, চুক্তিভিত্তিক বেতন-ভাতা ও শ্রম অধিকার বাস্তবায়ন, এবং আটক, নির্যাতিত ও বিপদগ্রস্ত প্রবাসীদের জন্য দ্রুত আইনি সহায়তা ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন প্রক্রিয়া নিশ্চিত করার দাবিও জানানো হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রবাসীদের উত্থাপিত দাবিগুলো বাস্তবায়িত হলে একদিকে যেমন তাদের আর্থ-সামাজিক নিরাপত্তা ও জীবনমান উন্নত হবে, অন্যদিকে দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ এবং রেমিট্যান্স খাত আরও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হবে। একই সঙ্গে প্রবাসীবান্ধব নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের ভাবমূর্তি ও প্রবাসীদের মর্যাদা আরও সমুন্নত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়সমূহে সরকারের জরুরি মনোযোগ এবং কার্যকর নীতিগত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।