সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


ভিসা নয়, মর্যাদার জীবন চাই: সিউলে হাজারো অভিবাসী শ্রমিকের বিক্ষোভ
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১০:৫৯ পিএম  (ভিজিট : ১০)
দক্ষিণ কোরিয়ায় কর্মরত অভিবাসী শ্রমিকদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার দাবিতে রাজধানী সিউলে অনুষ্ঠিত হয়েছে ‘২য় জাতীয় যৌথ কর্মসূচি সমাবেশ ও র‌্যালি’। বিভিন্ন শ্রমিক, অভিবাসী অধিকার ও মানবাধিকার সংগঠনের যৌথ উদ্যোগে রোববার (১৬ আগস্ট) এ কর্মসূচিতে বিভিন্ন দেশের হাজারো অভিবাসী শ্রমিক অংশ নেন।

কোরিয়ান মেটাল ওয়ার্কার্স ইউনিয়ন (KMWU), অভিবাসী শ্রমিক ইউনিয়ন (MTU) এবং সমতার জন্য অভিবাসী শ্রমিক সংহতিসহ বিভিন্ন সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।

সিউলের বোসিংগাক (জংগাক স্টেশন) এলাকা থেকে র‌্যালিটি শুরু হয়। পরে সিউলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গওয়াংহওয়ামুন (Gwanghwamun) চত্বর হয়ে প্রেসিডেন্ট ভবনের সামনে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে অংশ নেওয়া শ্রমিকদের হাতে ছিল বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার। তারা ‘কাজ পরিবর্তনের স্বাধীনতা চাই’, ‘অন্যায্য শ্রম চুক্তি বাতিল কর’, ‘বকেয়া মজুরি পরিশোধ কর’ এবং ‘অনথিভুক্ত অভিবাসী শ্রমিকদের বৈধতা ও সুরক্ষা নিশ্চিত কর’সহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন।

সমাবেশে বিশেষভাবে উলসানে E-7-3 ভিসায় কর্মরত নির্মাণ ও শিপইয়ার্ড শিল্পের শ্রমিকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়। তাদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বক্তারা মালিকপক্ষের শোষণ, অতিরিক্ত কর্মঘণ্টা, কম মজুরি, অন্যায্য শ্রমচুক্তি এবং কর্মক্ষেত্রে নানা অনিয়মের বিরুদ্ধে বক্তব্য দেন।

শ্রমিক নেতারা সরকারের প্রস্তাবিত নতুন ‘রোডম্যাপ’ বারবার পিছিয়ে দেওয়ারও সমালোচনা করেন। তারা বলেন, শুধু ভিসার মেয়াদ বাড়ানোই অভিবাসী শ্রমিকদের সমস্যার সমাধান নয়। একজন শ্রমিক হিসেবে নিরাপদ, স্বাধীন ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকার নিশ্চিত করতে হবে।

যেসব দাবি তুলে ধরা হয়

সমাবেশে অভিবাসী শ্রমিকদের পক্ষ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—

ইচ্ছামতো ও স্বাধীনভাবে কর্মস্থল পরিবর্তনের সুযোগ নিশ্চিত করা। বৈষম্যমূলক ও অন্যায্য শ্রম চুক্তি বাতিল করা। শ্রমিকদের সুবিধাজনক শর্তে পুনঃনিয়োগের সুযোগ দেওয়া। অবাধে ট্রেড ইউনিয়ন গঠন ও ইউনিয়ন কার্যক্রম পরিচালনার অধিকার নিশ্চিত করা। বকেয়া মজুরি ও অবসরকালীন ভাতা পরিশোধ নিশ্চিত করা,নির্যাতন, ভয়ভীতি ও বাধ্যতামূলক শ্রমের নামে মানবাধিকার লঙ্ঘন বন্ধ করা। অসুস্থতার কারণে শ্রমিকদের কর্মস্থল পরিবর্তনের সুযোগ সহজ করা। অনথিভুক্ত অভিবাসী শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া।

সমাবেশে উপস্থিত শ্রমিকরা ‘No Discrimination!’—বৈষম্য নয় এবং ‘Win! The Right to Union Organize!’—ইউনিয়ন গঠনের অধিকার প্রতিষ্ঠার স্লোগানে সিউলের রাজপথ মুখরিত করে তোলেন।

আয়োজক সংগঠনগুলোর পক্ষ থেকে দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত বিভিন্ন দেশের অভিবাসী শ্রমিকদের নিজেদের অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে MTU-এর সঙ্গে সমন্বয় করে শ্রমিক অধিকার আদায়ের আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান নেতারা।

বক্তারা বলেন, অভিবাসী শ্রমিকরা দক্ষিণ কোরিয়ার শিল্প ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই তাদের শ্রমের যথাযথ মূল্য, নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য মজুরি, কাজের স্বাধীনতা এবং মানবিক মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্র ও মালিকপক্ষের দায়িত্ব।

তারা আরও বলেন, মালিকপক্ষের শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে অভিবাসী শ্রমিকদের ন্যায্য আন্দোলন অব্যাহত থাকবে। ভিসা নয়—শ্রমিক হিসেবে সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবনই তাদের মূল দাবি।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]