প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৮:১৬ পিএম
(ভিজিট : ৮)
চট্টগ্রাম নগরীর একটি আবাসিক এলাকার সীমানাপ্রাচীর ঘেঁষা ফাঁকা জমিতে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেল একটি ভারী বিদেশি রাইফেল। বুধবার ভোর পৌনে পাঁচটায় চান্দগাঁও থানার হাজীরপুল ফেদা পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করে র্যাব-৭।
র্যাব সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া অস্ত্রটি জার্মান প্রযুক্তিতে তৈরি 'এইচকেজিথ্রি' রাইফেল। তবে অস্ত্রটির বাট ও ম্যাগাজিন ছিল না ,শুধু ট্রিগার অংশটি অক্ষত অবস্থায় পাওয়া যায়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, ওই এলাকায় একটি পরিত্যক্ত বিদেশি অস্ত্র পড়ে আছে এমন গোপন তথ্য আগেই র্যাবের কাছে পৌঁছায়। সেই তথ্যের সূত্র ধরেই ভোররাতে তড়িৎ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় বাসিন্দা জলিলের সীমানাপ্রাচীর দিয়ে ঘেরা একটি ফাঁকা জায়গায় তল্লাশি চালিয়ে রাইফেলটি খুঁজে পান র্যাব সদস্যরা।
উদ্ধার করা অস্ত্রটি পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন কে বা কারা, কী উদ্দেশ্যে এই ভারী অস্ত্রটি সেখানে ফেলে রেখে গেছে? সেই রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
এলাকাবাসীর মধ্যে ঘটনাটি নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। একটি জনবহুল এলাকায় এ ধরনের আন্তর্জাতিক মানের সামরিক অস্ত্রের সন্ধান পাওয়া স্বাভাবিকভাবেই উদ্বেগের জন্ম দিয়েছে।