প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৮:২৬ পিএম (ভিজিট : )
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের নলবনিয়া ক্রীড়া একাডেমি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
বুধবার (৩ জুন) বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তবে খেলাধুলার পাশাপাশি শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতিও সমান গুরুত্ব দিতে হবে। খেলাধুলা মানুষকে শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। তাই সুস্থ সমাজ গঠনে খেলাধুলার চর্চা আরও বিস্তৃত করা প্রয়োজন।”
তিনি আরো বলেন, আমি এই মাঠের বর্তমান অবস্থা সম্পর্কে অবগত হয়েছি। খেলোয়াড় ও এলাকার মানুষের দীর্ঘদিনের দাবির প্রতি সম্মান জানিয়ে মাঠটি সংস্কারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। যাতে ভবিষ্যতে এখানকার ছেলে-মেয়েরা আরও ভালো পরিবেশে খেলাধুলা করতে পারে। এলাকার ক্রীড়াঙ্গনের উন্নয়নে আমি সবসময় পাশে থাকব।”
চুনতি নলবনিয়া সমাজকল্যাণ পরিষদের সভাপতি নুরুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লোহাগাড়া উপজেলা আহ্বায়ক জহির উদ্দিন, চুনতি ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সলিমুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে মাঠ সংস্কারের জন্য জন্য বক্তব্য রাখেন নলবনিয়া বাইতুর রহমান জামে মসজিদ খতিব মাকসুদুর রহমান রিয়াদ।
ফাইনাল খেলায় শহীদ মুগ্ধ একাদশ ও শহীদ আবু সাঈদ একাদশ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে উভয় দল সমতায় থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে শহীদ আবু সাঈদ একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে শহীদ মুগ্ধ একাদশ।খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।
ব্যক্তিগত নৈপুণ্যের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন গোলরক্ষক আয়াদ। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান হেলাল উদ্দিন। সেরা গোলরক্ষক নির্বাচিত হন আজাদ। টুর্নামেন্টসেরা খেলোয়াড়ের স্বীকৃতি অর্জন করেন রিয়াদ। উদীয়মান খেলোয়াড় হিসেবে পুরস্কৃত হন আব্দুল্লাহ এবং সেরা কোচ নির্বাচিত হন মহিউদ্দিন।