প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩৭ পিএম
(ভিজিট : ৩১৩)
রবিবার (৮ ফেব্রুয়ারি) উপজেলার পল্টন মাঠে কচুয়া স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন ধানের শীষে নির্বাচিত প্রার্থী সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ.ন.ম. এহসানুল হক মিলন। সভায় তিনি ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করে নির্বিঘ্নে ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
আগামীতে নির্বাচিত হলে নিজের অর্থায়নে কচুয়া বাজার, সাচার বাজার ও রহিমানগর বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের জন্য বিনা শুল্কে ব্যবসা করার সুযোগ সৃষ্টি করা হবে। এতে করে ছোট ব্যবসায়ীদের আর্থিক স্বচ্ছলতা বাড়বে এবং বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরে আসবে।
এছাড়া প্রবাসীদের বিনিয়োগে কচুয়ায় ব্যবসা সম্প্রসারণের সুযোগ সৃষ্টি ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরো বলেন, বিগত ১৭ বছর ধরে নানা নির্যাতনের শিকার হলেও ৫ আগস্টের পর তারেক রহমান কখনোই কোনো রাজনৈতিক দল বা নেতাকে কটাক্ষ করেননি। অথচ আজ কোনো দলের প্রধান কুলাউড়ায় তার মায়ের ‘ইজ্জত হরণ’-এর অভিযোগ তুললে একটি মৌলিক প্রশ্ন উঠে আসে—১৯৭১ সালে যখন প্রায় দুই লক্ষ মা-বোন নির্যাতনের শিকার হয়েছিলেন, তখন তারা কেন মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পক্ষে ছিলেন না?
যারা দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, রাষ্ট্র পরিচালনার অধিকার তাদের কতটুকু—এই প্রশ্নের উত্তর বিবেচনা করেই জনগণ সিদ্ধান্ত নেবে।
মতবিনিময় সভায় কচুয়া উপজেলার হাজার হাজার ব্যবসায়ীর পাশাপাশি প্রবাসী নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।