প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১২:২০ পিএম
(ভিজিট : ১৮)
কয়েক দিন আগের বৃষ্টিতে ক্ষেতের ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে সবজির সরবরাহ কমেছে। এর প্রভাবে রাজধানীর বাজারগুলোতে বেশির ভাগ সবজির দাম এখনো চড়া। কিছুদিন আগে দাম কমতে শুরু করলেও নতুন করে বাড়তির দিকে রয়েছে সবজির দর। তবে কয়েক দিনের মধ্যে শীতকালীন নতুন সবজি বাজারে আসতে শুরু করলে সরবরাহ বাড়বে এবং দামও কমে আসবে বলে আশা করছেন বিক্রেতারা।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৮০ টাকায়। করলার দাম ১০০ থেকে ১২০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, টমেটো ১৪০ থেকে ১৬০ টাকা, শিম ১০০ থেকে ১২০ টাকা এবং লম্বা বেগুন ১০০ টাকা। গোল বেগুনের কেজি ১২০ টাকা। হাইব্রিড শসা ১০০ টাকা এবং দেশি শসা বিক্রি হচ্ছে ১২০ টাকায়।
এ ছাড়া প্রতি কেজি মুলা ৬০ টাকা, পেঁপে ৪০ টাকা, কচু ১০০ টাকা, ধুন্দুল ও চিচিঙ্গা ১০০ টাকা এবং শালগম ৮০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিটি লাউয়ের দাম ৯০ টাকা। মাঝারি আকারের ফুলকপি ৫০ টাকা এবং বাঁধাকপি ৬০ টাকা। প্রতি হালি কাঁচা কলা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। কাঁচা মরিচের কেজি ১০০ টাকা।
সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাড্ডার একটি বাজারে বাজার করতে আসেন বেসরকারি চাকরিজীবী রহিদুল ইসলাম। তিনি বলেন, কিছুদিন আগেও সবজির দাম কমতে শুরু করেছিল। কিন্তু এখন আবার দাম বেড়েছে। পেঁপে ছাড়া প্রায় সব সবজির দামই বেশি। অনেক সবজির কেজি ১০০ টাকা বা তার বেশি। দাম বেশি হওয়ায় এক কেজির বদলে আধা কেজি করে সবজি কিনতে হয়েছে তাঁকে।
রামপুরা বাজারে বাজার করতে আসা সাজ্জাদ হোসেন বলেন, শীত মৌসুম শুরু হওয়ার এ সময়ে সবজির দাম কম থাকার কথা। কিন্তু বাজারে এখনো বেশির ভাগ সবজি ৮০ থেকে ১২০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। ফলে বাড়তি দামেই সবজি কিনতে হচ্ছে ক্রেতাদের।
সবজির দাম বাড়ার কারণ ব্যাখ্যা করে মালিবাগ বাজারের বিক্রেতা খোরশেদ আলম বলেন, কিছুদিন আগেও সবজির দাম তুলনামূলক কম ছিল। তবে কয়েক দিনের আকস্মিক বৃষ্টিতে ক্ষেতের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বাজারে সবজির সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। তাঁর আশা, কয়েক দিনের মধ্যে শীতকালীন নতুন সবজি বাজারে আসতে শুরু করলে সরবরাহ বাড়বে এবং দামও কমে আসবে।