প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯:৪৩ পিএম
(ভিজিট : ৫)

কানাডার বিভিন্ন খাতে দক্ষ জনশক্তির চাহিদা পূরণে বৈধ অভিবাসন প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, নার্সিং, চিকিৎসা প্রযুক্তি, হোম কেয়ার, মেরিন ক্যাডেট ও আতিথেয়তা খাতে বাংলাদেশে প্রশিক্ষিত ও দক্ষ জনশক্তি রয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্সের ইন্দো-প্যাসিফিকবিষয়ক সহকারী উপমন্ত্রী ওয়েলডন এপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে সালাহউদ্দিন আহমদ কানাডার শ্রমবাজারের চাহিদা অনুযায়ী নিয়মিত ও বৈধ অভিবাসন চ্যানেলের মাধ্যমে বাংলাদেশি দক্ষ কর্মীদের নিয়োগের ব্যবস্থা সহজ করার ওপর গুরুত্ব দেন।
এ সময় কানাডার চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী গড়ে তুলতে প্রশিক্ষণ সহযোগিতার প্রস্তাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কানাডা চাইলে নিজস্ব প্রশিক্ষক বাংলাদেশে পাঠাতে পারে। পাশাপাশি দুই দেশের যৌথ উদ্যোগে বিশেষায়িত প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার মাধ্যমেও প্রয়োজনীয় দক্ষ জনশক্তি তৈরি করা সম্ভব।
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবকে ইতিবাচক হিসেবে অভিহিত করেন ওয়েলডন এপ। কানাডার অর্থনীতির বিভিন্ন খাতে নার্স ও কেয়ারগিভারসহ দক্ষ কর্মীর চাহিদা রয়েছে বলেও তিনি স্বীকার করেন।
কানাডার সহকারী উপমন্ত্রী জানান, মেধাবী বাংলাদেশি শিক্ষার্থী ও দক্ষ পেশাজীবীদের কানাডায় স্বাগত জানাতে তাঁর দেশ আগ্রহী। এ ছাড়া বৈধভাবে কানাডায় যেতে ইচ্ছুক বাংলাদেশি ভ্রমণকারী, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ করার বিষয়েও তিনি আশ্বাস দেন।
বৈঠকে অনিয়মিত অভিবাসন প্রতিরোধ এবং নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করার উপায় নিয়েও আলোচনা হয়। পাশাপাশি সাইবার নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ এবং রোহিঙ্গা সংকটের মতো বিষয়গুলোতে দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে মতবিনিময় করেন তাঁরা।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য বৈধ অভিবাসনের সুযোগ সম্প্রসারণ করা হলে উভয় দেশই উপকৃত হবে। এতে কানাডার শ্রমবাজারের চাহিদা পূরণের পাশাপাশি বাংলাদেশের মানুষের জন্য বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে।