
সঠিক নীতিমালা প্রণয়ন, শিক্ষার প্রসার এবং সমন্বিত সামাজিক আন্দোলনের মাধ্যমে শিশুশ্রম বন্ধ করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন। তিনি বলেছেন, শিশুশ্রম নিরসনে শুধু শ্রমঘন এলাকায় বিচ্ছিন্নভাবে কার্যক্রম পরিচালনা করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। এ জন্য শিক্ষা, পারিবারিক আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়গুলোকে সমান গুরুত্ব দিতে হবে। পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নাগরিক সমাজ ও আন্তর্জাতিক অংশীদারদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ) ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেরানীগঞ্জের অনানুষ্ঠানিক তৈরি পোশাক খাতে শিশুশ্রম কমানোর লক্ষ্যে একটি প্রকল্পের উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাহ্দী আমিন বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর নয় মাস পার হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধসহ বিভিন্ন বৈশ্বিক অস্থিতিশীলতার মধ্যে সরকারকে কাজ করতে হচ্ছে। তবে জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় জনগণের কাছে জবাবদিহি ও দায়বদ্ধতাই সরকারের সবচেয়ে বড় শক্তি। নির্বাচনী ইশতেহারকে ভিত্তি করেই রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে। শিশুশ্রম নিরসন ও শ্রমিকদের অধিকার সুরক্ষার বিষয়গুলোও নির্বাচনী অঙ্গীকারের গুরুত্বপূর্ণ অংশ। তাই নানা সীমাবদ্ধতা সত্ত্বেও এসব বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
শিশুশ্রম বন্ধে পাঁচ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতির কথা তুলে ধরে তিনি বলেন, পরিকল্পনাটি টেকসই ও বাস্তবসম্মতভাবে বাস্তবায়নে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। এ ক্ষেত্রে শিক্ষাব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দিতে হবে, যাতে কোনো পরিবার সন্তানকে কাজে পাঠানোর পরিবর্তে বিদ্যালয়ে পাঠাতে উৎসাহিত হয়।
তিনি জানান, প্রাক্-প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবার, স্কুলের পোশাক, পাটের তৈরি ব্যাগ ও জুতা দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। সরকারের পাঁচ বছরের মেয়াদে প্রাথমিক বিদ্যালয়ের এক কোটির বেশি শিক্ষার্থীর কাছে এসব সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।
বৃত্তির সংখ্যা ও অর্থের পরিমাণ বাড়ানোর পাশাপাশি মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তিনি বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী স্নাতক পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা নিশ্চিত করার কাজ শুরু হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় দশম শ্রেণি পর্যন্ত মেয়েদের বিনা বেতনে পড়ার সুযোগ চালু হয়েছিল। এবার তা স্নাতক পর্যায় পর্যন্ত সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা নিশ্চিত করার নীতিমালা রয়েছে, যা আগামী অর্থবছর থেকে কার্যকর হতে শুরু করবে।
শিক্ষা খাতে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের সরাসরি উপকারে আসে, এমন বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন মাহ্দী আমিন। তাঁর ভাষ্য, শিক্ষা খাতে বাজেট পর্যায়ক্রমে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশে উন্নীত করার কাজ চলছে। সন্তানকে বিদ্যালয়ে পাঠালে পরিবার আর্থিক সহায়তা পাবে এবং শিক্ষার ব্যয় অভিভাবকদের ওপর বাড়তি চাপ তৈরি করবে না—এমন ব্যবস্থা নিশ্চিত করা গেলে শিশুশ্রম কমানো সহজ হবে।
শিশুরা যেন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবর্তে কারখানায় কাজ করতে বাধ্য না হয়, সে জন্য বিদ্যালয়কেন্দ্রিক উপযোগী পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধের মতো শিশুশ্রমের বিরুদ্ধেও সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং শিক্ষকদের দক্ষতা ও শিক্ষার মান বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন।
শিক্ষা শেষে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান মাহ্দী আমিন। নবম ও দশম শ্রেণিতে সবার জন্য কারিগরি শিক্ষা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার সঙ্গে বাস্তব জীবনের কর্মসংস্থানের যোগসূত্র তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
শিশুশ্রমের অন্যতম কারণ হিসেবে পারিবারিক দারিদ্র্য ও অভিভাবকদের কর্মসংস্থানের অভাবের কথা উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, শিশুশ্রম বন্ধ করতে হলে মা-বাবার অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে হবে। এ জন্য সামষ্টিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং শিল্পকারখানার সম্প্রসারণের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা জরুরি।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের পরিকল্পনা অনুযায়ী সার্বজনীন ফ্যামিলি কার্ড চালু হয়েছে। এর মাধ্যমে হতদরিদ্র ও প্রান্তিক পরিবারের মায়েদের হাতে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ পৌঁছালে তাঁরা সন্তানদের শিক্ষা ও প্রয়োজনীয় খাতে ব্যয় করতে পারবেন। এতে আর্থিক সংকটের কারণে সন্তানদের কাজে পাঠানোর প্রবণতা কমবে।
শিশুশ্রম নিরসনে শুধু আনুষ্ঠানিক অর্থনীতির দিকে নজর দিলে হবে না উল্লেখ করে তিনি বলেন, অনানুষ্ঠানিক খাতেও বিপুলসংখ্যক শিশু কাজ করছে। তাই এ খাতকে বিবেচনায় নিয়ে সমন্বিত নীতিমালা প্রণয়ন করতে হবে। দীর্ঘদিন ধরে এ সমস্যার কার্যকর সমাধানে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি। তবে জবাবদিহিমূলক সরকার হিসেবে এ বিষয়ে প্রধানমন্ত্রীর গভীর দায়বদ্ধতা রয়েছে।
মাহ্দী আমিন বলেন, শিশুরা শিল্পকারখানায় নয়, শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে মানবিক মূল্যবোধ নিয়ে বেড়ে উঠবে এবং ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে—এটাই সরকারের প্রত্যাশা। বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি তরুণ জনগোষ্ঠী। তাদের মেধা ও সৃজনশীলতার বিকাশে প্রয়োজনীয় সুযোগ ও পরিবেশ তৈরি করা গেলে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
শিশুশ্রম নিরসনে বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বিত ভূমিকার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, মহিলা ও শিশুবিষয়ক এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পাশাপাশি শিক্ষা, আইন, স্বরাষ্ট্র ও সমাজকল্যাণ মন্ত্রণালয়কেও এ কার্যক্রমে যুক্ত হতে হবে। কারণ, শিশুশ্রমের সঙ্গে পরিবারের আর্থিক সক্ষমতার বিষয়টি সরাসরি সম্পর্কিত।
কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে শিশুশ্রম নির্মূল করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, আন্তমন্ত্রণালয় সমন্বয়ের পাশাপাশি বেসরকারি খাত, নাগরিক সমাজ ও আন্তর্জাতিক অংশীদারদেরও এগিয়ে আসতে হবে। দল-মতের ঊর্ধ্বে উঠে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এ লক্ষ্য অর্জন সম্ভব।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, মানবাধিকার ও নারী অধিকারকর্মী অ্যাডভোকেট সালমা আলী, বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশনের হেড অব ইন্টারন্যাশনাল পার্টনারশিপস মিখাল ক্রেইজা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান, কেন্দ্রীয় তহবিলের মহাপরিচালক ও অ্যাডউইব প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক আব্দুস সামাদ আল আজাদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দীন আহমেদ, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের লেবার অ্যান্ড ওয়ার্কপ্লেস রিলেশনস অ্যাডভাইজার মাহফুজুর রহমান ভূঁইয়া এবং সোশ্যালিস্ট লেবার ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন।