সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:
● বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সহ-সভাপতি রিমন মাহফুজ ও জসিম      ● স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি: রাষ্ট্রপতি      ● ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক      ● রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের আরও সক্রিয় ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী      ● ৭ নভেম্বরের শোভাযাত্রায় পায়ে হেঁটে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● পোশাকশিল্পে উসকানি ও অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী      


সংলাপে এনসিপির কোনো শর্ত ছিল না: মাহদী আমিন
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৫:৩২ পিএম  (ভিজিট : ০)

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের বৈঠকে কোনো শর্ত দেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য সুসংহত করা এবং দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলোর একযোগে কাজ করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের সংলাপের পর এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান মাহদী আমিন। তিনি বৈঠকটিকে অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ উল্লেখ করে বলেন, জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সহাবস্থান, সহিষ্ণুতা ও পারস্পরিক সম্মানবোধের প্রতিফলন ঘটেছে এ আলোচনায়।

বৈঠকে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে দলের জ্যেষ্ঠ নেতা আক্তার হোসেন, হাসনাত আব্দুল্লাহ ও আকরাম হোসেন অংশ নেন।

মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী সব সময় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরেন। তাঁর ভাষায়, মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের লড়াই, আর ২০২৪ সালের গণ-অভ্যুত্থান ছিল সেই স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষা এবং প্রতিষ্ঠার আন্দোলন।

বিএনপির ‘সবার আগে বাংলাদেশ’ নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব, জনগণের অধিকার প্রতিষ্ঠা, আর্থসামাজিক উন্নয়ন, শিল্পের সুরক্ষা ও কর্মসংস্থান সৃষ্টি—এসব জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে ঐকমত্য থাকা প্রয়োজন।

বিদেশে অবস্থানরত পতিত স্বৈরাচারের অনুসারীরা যাতে দেশে অস্থিতিশীলতা কিংবা নাশকতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র।

বৈঠকে এনসিপির পক্ষ থেকে কোনো শর্ত দেওয়া হয়েছিল কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, ‘সেখানে শর্ত বলতে কোনো কিছুই ছিল না। মতবিনিময়ের ক্ষেত্রে স্বাভাবিকভাবে এনসিপির প্রতিনিধি দল তাদের বিষয়গুলো তুলে ধরেছেন এবং প্রধানমন্ত্রী সরকারের অবস্থান তুলে ধরেছেন।’

তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় দল-মতনির্বিশেষে মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল, তা আরও সুসংহত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে মাহদী আমিন বলেন, নির্বাচনি ইশতেহার এবং জাতীয় জুলাই সনদে বিএনপি যেসব বিষয়ে স্বাক্ষর করেছে, সেগুলো শতভাগ বাস্তবায়ন করা হবে। এ ক্ষেত্রে ন্যূনতম বিচ্যুতির সুযোগ নেই।

তিনি জানান, সরকার গঠনের পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই রেকর্ডসংখ্যক প্রায় ১০০টি অধ্যাদেশ আইনে রূপান্তর করা হয়েছে। সংস্কারকে চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী এ কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

এর আগে বৈঠক শেষে এনসিপির পক্ষ থেকেও সংবাদ ব্রিফিং করা হয়। সেখানে দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের সন্ত্রাস ও অগ্নিসন্ত্রাসের পরিস্থিতি থেকে দেশকে কীভাবে উত্তরণ করা যায়, তা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি রাজনৈতিক ঐক্যের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

নাহিদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তাঁর উদ্বেগের জায়গাগুলো তুলে ধরেছেন এবং ফ্যাসিবাদ ও জুলাই গণ-অভ্যুত্থানের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

এনসিপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি এক দিনে তৈরি হয়নি। নির্বাচনের পর গত সাত-আট মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচারপ্রক্রিয়ায় আপসকামিতা, আওয়ামী লীগের বিষয়ে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বিষয়গুলো স্পষ্ট না করার কারণে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

SEO Tags: মাহদী আমিন, তারেক রহমান, এনসিপি, নাহিদ ইসলাম, রাজনৈতিক সংলাপ, জুলাই সনদ, রাষ্ট্র সংস্কার, বিএনপি








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]