প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৪:২২ পিএম
(ভিজিট : ৭)

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেবল হাতকড়া পরে কিংবা কঠোর নজরদারির মধ্য দিয়েই দেশে ফিরতে পারেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে শেখ হাসিনা দেশে ফেরার পরিকল্পনা করছেন—বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এমন একটি প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারের এই কঠোর অবস্থানের কথা তুলে ধরেন।
হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনা কী চান এবং বাস্তবে কী ঘটতে পারে—এই দুইয়ের মধ্যে একটি স্পষ্ট পার্থক্য রয়েছে। তাঁকে কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতেই দেশে ফিরিয়ে আনা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
এ ধরনের পরিস্থিতি সরকার কীভাবে সামাল দেবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার মতো পূর্ণ সক্ষমতা ও আত্মবিশ্বাস সরকারের রয়েছে এবং এ বিষয়ে জনগণকে নিয়মিত অবহিত রাখা হবে। তিনি বলেন, সরকার সব সময় জনগণের পাশে দৃঢ়ভাবে অবস্থান করছে এবং নাগরিকদের আস্থায় নিয়েই আত্মবিশ্বাসের সঙ্গে সবকিছু পরিচালনা করছে।
ব্রিফিং পরবর্তী আলোচনায় হুমায়ুন কবির অভিযোগ করেন, জনমনে আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে যেসব হামলা চালানো হচ্ছে, তার পেছনে আওয়ামী লীগের সমর্থকেরা জড়িত রয়েছেন। এসব কর্মকাণ্ডে শেখ হাসিনা মদদ দিচ্ছেন বলেও তিনি দাবি করেন। তবে এ ধরনের অপতৎপরতা দিয়ে সাধারণ মানুষকে ভয় দেখানো সম্ভব হয়নি বলে মন্তব্য করেন তিনি।
বিদেশি কূটনীতিকদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে কোনো নির্দিষ্ট বিষয়ে উদ্বেগ জানানো হয়েছে কি না—এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এটিকে একটি নিয়মিত কূটনৈতিক ব্রিফিং হিসেবে অভিহিত করেন। তিনি জানান, কূটনৈতিক মহলের সদস্যদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ ধরনের নিয়মিত আলোচনা চলমান রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকায় নিযুক্ত বিভিন্ন বিদেশি কূটনৈতিক মিশনের প্রধান, জাতিসংঘের বিভিন্ন অঙ্গসংস্থার প্রতিনিধি এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রধানদের ওই ব্রিফিংয়ে আমন্ত্রণ জানানো হয়েছিল।