প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১২:০৮ পিএম
(ভিজিট : ৫)

সংগৃহীত ছবি
জাতীয় গ্রিডে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। আজ সোমবার সকাল ১০টা ২০ মিনিটে পাবনার ঈশ্বরদীর এই কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, এ পর্যায়ে প্রায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলকভাবে গ্রিডে দেওয়া হবে। এ সময় বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনা ব্যবস্থার প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে।
গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়। এরই ধারাবাহিকতায় আজ দ্বিতীয় দফার সংযোগ কার্যক্রম শুরু হলো।
প্রকল্প সূত্রের তথ্য অনুযায়ী, আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে প্রথম ইউনিট পূর্ণ সক্ষমতায় পরীক্ষামূলক উৎপাদনে যেতে পারে। দ্বিতীয় ইউনিটের কাজও প্রায় শেষের দিকে।
পাবনার রূপপুরে রাশিয়ার নকশায় নির্মিত এই কেন্দ্রে দুটি ইউনিট রয়েছে। প্রতিটিতে আছে ভিভিইআর-১২০০ চুল্লি। দুটি মিলিয়ে মোট স্থাপিত ক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট।