প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ২:৩০ পিএম
(ভিজিট : ১৪)

সামুদ্রিক অপরাধ দমনে বাংলাদেশের কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বর্তমানে অফশোর প্যাট্রল ভেসেল (OPV) হিসেবে ব্যবহৃত এই জাহাজগুলো বঙ্গোপসাগরে আমাদের নজরদারি ও টহল কার্যক্রমকে বহুগুণ শক্তিশালী করেছে।
রবিবার ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট অ্যাডমিরাল সারগিও লিয়ারদোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সাক্ষাৎকালে উভয়পক্ষ বাংলাদেশ ও ইতালির মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সমুদ্রসীমায় নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধিতে দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় বাংলাদেশ কোস্ট গার্ডের গভীর সমুদ্রে টহল সক্ষমতা আরো বাড়াতে ভবিষ্যতে অফশোর ও কোস্টাল প্যাট্রল ভেসেল উপযুক্ত দেশ থেকে জিটুজি (G2G) পদ্ধতিতে সংগ্রহের বিষয়ে আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী এক্ষেত্রে স্বচ্ছতা ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া, বাংলাদেশ ও ইতালির কোস্ট গার্ডের মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক সুদৃঢ় করতে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের সম্ভাব্যতা নিয়েও বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়।
মন্ত্রী বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড সম্প্রতি দেশি ও ৭টি বন্ধুপ্রতিম দেশের কর্মকর্তাদের অংশগ্রহণে ‘ব্রাউন ওয়াটার অপারেশন (BWO) এবং মানবপাচার প্রতিরোধ (AHT) কোর্স-২০২৬’ সফলভাবে সম্পন্ন করেছে। আগামী বছর এই কোর্সে ইতালির কোস্ট গার্ডের কর্মকর্তাদের অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হবে।
ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট বাংলাদেশ কোস্ট গার্ডের পেশাদারির ভূয়সী প্রশংসা করেন। তিনি জলদস্যুতা দমনে ইতালির কোস্ট গার্ডের অভিজ্ঞতা ও কারিগরি সহায়তা প্রদানের আশ্বাস দেন। এ ছাড়া উভয় বাহিনী নিয়মিত যৌথ মহড়া, সেমিনার এবং পেশাদার বিনিময় কর্মসূচি আয়োজনের মাধ্যমে পারস্পরিক আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধিতে একমত হন।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও বহিরাগমন) ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্ম সচিব রেবেকা খান-সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্ট গার্ড ও ইতালীয় প্রতিনিধিদলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।