সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:
● বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সহ-সভাপতি রিমন মাহফুজ ও জসিম      ● স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি: রাষ্ট্রপতি      ● ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক      ● রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের আরও সক্রিয় ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী      ● ৭ নভেম্বরের শোভাযাত্রায় পায়ে হেঁটে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● পোশাকশিল্পে উসকানি ও অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী      


নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশা শ্রমমন্ত্রীর
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৩:৪৮ পিএম  (ভিজিট : ৮)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নতুন মজুরি বোর্ডের মাধ্যমে তৈরি পোশাক খাতের শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে বলে আশা প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, গার্মেন্টস খাতে চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ সোচ্চার রয়েছে। আগামী এক বছরের মধ্যে মালিক ও শ্রমিকদের একই পরিবেশে দেখতে চান তিনি।

রবিবার (২২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘দ্বিতীয় আন্তর্জাতিক পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা গবেষণা সম্মেলন ২০২৬’-এ এসব কথা বলেন শ্রমমন্ত্রী। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়ন, ডেনমার্ক, নেদারল্যান্ডস, সুইডেন ও কানাডা সহযোগিতা করে।

সম্মেলনে শ্রমমন্ত্রী বলেন, গবেষক, নীতিনির্ধারক, মালিক ও শ্রমিকদের একসঙ্গে কাজ করার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে এ সম্মেলন। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের কর্মপরিবেশের নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, পেশাগত রোগ, রাসায়নিক পদার্থের প্রভাব এবং নারী ও তরুণ শ্রমিকদের নিরাপত্তা নিয়ে গবেষণা জরুরি। এসব গবেষণার ফলাফল দেশের শ্রমনীতি প্রণয়ন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডাইফ) পরিদর্শন কার্যক্রম এবং সংশ্লিষ্ট প্রশিক্ষণ কর্মসূচিকে কার্যকর করতে সহায়তা করবে।

শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে গবেষণা ও তথ্যভিত্তিক শ্রমনীতি প্রণয়ন, পরিদর্শন কার্যক্রম জোরদার, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বৃদ্ধি এবং নারী, তরুণ ও অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি পেশাগত দুর্ঘটনা ও রোগ প্রতিরোধে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় এবং সরকার, মালিক, শ্রমিক ও উন্নয়ন সহযোগীদের সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার শতভাগ চেষ্টা করছে। তবে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে একটি পক্ষ দেশের অর্থনীতি ও তৈরি পোশাক খাতকে ক্ষতিগ্রস্ত করতে চায়। দেশের অন্যতম প্রধান রপ্তানি খাত গার্মেন্টসশিল্প রক্ষার দায়িত্ব সবার।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার, কারখানার মালিক ও শ্রমিকপক্ষকে একসঙ্গে কাজ করতে হবে। শ্রমিকদের স্বার্থকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে ‘শ্রম আইন ২০২৬’ প্রণয়ন করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মজুরি বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, আগে ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালে পাঁচ বছর পরপর তৈরি পোশাক খাতের শ্রমিকদের মজুরি বাড়ানো হয়েছে। তবে এবার ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র তিন বছরের মাথায় নতুন মজুরি বোর্ড গঠন করেছে।

মজুরি বোর্ডের চেয়ারম্যান ও সদস্যদের প্রতি আস্থা প্রকাশ করে মাহদী আমিন বলেন, শ্রমিকপক্ষ, মালিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিরা যত দ্রুত সম্ভব একটি ন্যায়সংগত মজুরি নির্ধারণ করবেন। এ ক্ষেত্রে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে।

সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান সচিব মো. আব্দুর রহমান তরফদার, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, আইএলওর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]