প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১১:১০ পিএম
(ভিজিট : ১৯)
ময়মনসিংহের ভালুকায় পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জন্য বিশেষ ‘ওএমএস’ (খোলা বাজারে বিক্রি) কর্মসূচির আওতায় ৩০ টাকা কেজি দরে চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার আমতলী, আইডিয়াল মোড় এবং কাশর চৌরাস্তায় পৃথক তিনটি স্থানে একযোগে উদ্বোধন করেন সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু শ্রমিকদের যৌক্তিক বেতন বৃদ্ধির বিষয়ে আশ্বাস দেন। একই সাথে তিনি শিল্পাঞ্চলের সার্বিক পরিবেশ শান্ত রাখতে কোনো ধরনের গুজব বা উসকানিতে কান দিয়ে শিল্প কারখানায় হামলা ও ভাঙচুর না করার জন্য শ্রমিকদের প্রতি বিশেষ আহ্বান জানান। এ সময় তিনি আরও ঘোষণা করেন, শ্রমিকদের সুবিধার্থে এখন থেকে প্রতি শুক্রবার নিয়মিতভাবে ৩০ টাকা কেজি দরে এই ওএমএস চাল বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ,যুগ্ন আহবায়ক উসমান গনি মাখন এবং উপজেলা ও ইউনিয়ন বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।