বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬ ● ২৮ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


দক্ষিণ কোরিয়ায় বাসের ধাক্কায় ৩২ যানবাহনের সংঘর্ষ, আহত ৫৭
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:৪৬ পিএম  (ভিজিট : ১৩)
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের দক্ষিণে গিয়ংগি প্রদেশের সিওংনাম শহরের বুন্দাং-গু এলাকার ইয়াতাপ-দংয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। একটি সিটি বাসের ধাক্কায় চারটি বাস, একটি মালবাহী ট্রাক ও ২৭টি ব্যক্তিগত গাড়িসহ মোট ৩২টি যানবাহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে অন্তত ৫৭ জন আহত হয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) সকাল ৭টা ৩৪ মিনিটে অফিসগামী মানুষের ব্যস্ত সময়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের বরাতে জানায়, ৬০ বছর বয়সী এক চালকের পরিচালিত ৩৪০ নম্বর সিটি বাসটি ইয়াতাপ-দংয়ের একটি বাসস্টপসংলগ্ন সড়কে ট্রাফিক সিগন্যালে অপেক্ষমাণ যানবাহনগুলোকে পেছন থেকে একের পর এক ধাক্কা দেয়।
বাসটি প্রথমে সামনে থাকা বাস, মালবাহী ট্রাক ও ব্যক্তিগত গাড়িগুলোতে আঘাত করে। পরে প্রায় ১০০ থেকে ১৫০ মিটার এলাকাজুড়ে একাধিক যানবাহনকে ধাক্কা দিয়ে সড়কের মাঝখানের বিভাজক বা প্রতিবন্ধকে আঘাত করার পর থেমে যায়।
দুর্ঘটনায় আহত ৫৭ জনের মধ্যে ৯ জন গুরুতর এবং ৪৮ জন সামান্য আহত হয়েছেন। আহতদের মধ্যে বাসচালকও রয়েছেন। তাঁদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত কারও আঘাত জীবননাশের ঝুঁকিপূর্ণ বলে জানানো হয়নি। এ ঘটনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। আহতদের দ্রুত চিকিৎসা দিতে ৪৫ জন উদ্ধারকর্মী এবং ১৮টি উদ্ধার ও জরুরি সেবার সরঞ্জাম মোতায়েন করা হয়। এ সময় বিশেষায়িত চিকিৎসাকর্মীদের অ্যাম্বুলেন্সে যুক্ত করে ঘটনাস্থল থেকেই জরুরি চিকিৎসা দেওয়ার ব্যবস্থাও করা হয়।
দুর্ঘটনার কারণে আরুম চৌরাস্তা (아름사거리) থেকে বোলমাল চৌরাস্তা (벌말사거리) পর্যন্ত সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়। এতে সকালের কর্মব্যস্ত সময়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়া হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে বাসচালক পুলিশের কাছে দাবি করেছেন, দুর্ঘটনার সময় বাসের ব্রেক কাজ করছিল না। ঘটনাস্থলে চালকের অ্যালকোহল পরীক্ষায় মদ্যপানের কোনো আলামত পাওয়া যায়নি। তবে তিনি মাদক গ্রহণ করেছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে বাসের ব্ল্যাকবক্স, আশপাশের সিসিটিভি ফুটেজ এবং গাড়ির যান্ত্রিক অবস্থা পরীক্ষা করার উদ্যোগ নিয়েছে তদন্তকারী কর্তৃপক্ষ।

ঘটনাটি দক্ষিণ কোরিয়ায় কর্মব্যস্ত সময়ে গণপরিবহনের নিরাপত্তা ও যানবাহনের নিয়মিত যান্ত্রিক পরীক্ষা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]