প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৫:১৭ পিএম
(ভিজিট : ৮)

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সীমান্তের প্রায় ২০০ গজ ভেতরে এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা গেছে, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীন বিছনাকান্দি সীমান্ত ফাঁড়ির (বিওপি) একটি টহল দল দায়িত্ব পালন করছিল। এ সময় বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফের ওই সদস্যকে অস্ত্রসহ দেখতে পেয়ে তাঁকে আটক করে বিজিবি সদস্যরা। পরে তাঁকে বিছনাকান্দি বিওপি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। তাঁর সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্রটিও বিজিবির হেফাজতে রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ। তিনি জানান, সীমান্তের প্রায় ২০০ গজ ভেতরে অস্ত্রসহ প্রবেশ করায় বিএসএফ সদস্যকে আটক করা হয়েছে। বর্তমানে তাঁকে বিছনাকান্দি বিওপিতে রাখা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পতাকা বৈঠকের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বৈঠকের মাধ্যমে আটক বিএসএফ সদস্যকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এদিকে, আটক বিএসএফ সদস্যের নাম ও পদবি তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁর পরিচয় নিশ্চিত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।