মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ৩ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:


কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৩ পদ শূন্য, ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:৫৬ পিএম  (ভিজিট : ১৪)
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জনবল সংকট বিরাজ করছে। ৫০ শয্যাবিশিষ্ট এ হাসপাতালে অনুমোদিত ১৮৬টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ১৩৩ জন। শূন্য রয়েছে ৫৩টি পদ, যা মোট অনুমোদিত পদের প্রায় ২৮ দশমিক ৫০ শতাংশ। প্রয়োজনের তুলনায় জনবল কম থাকায় চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মীরা। এতে ভোগান্তিতে পড়ছেন চিকিৎসা নিতে আসা রোগীরা।

কালীগঞ্জ উপজেলাসহ পার্শ্ববর্তী নরসিংদীর পলাশ ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা থেকে প্রতিদিন প্রায় দেড় হাজার রোগী এ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। হাসপাতালটি শিগগিরই ১৫১ শয্যায় উন্নীত হওয়ার কথা রয়েছে। তবে এর আগে জনবল সংকট নিরসন করা না হলে চিকিৎসাসেবার ওপর আরও চাপ বাড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, অনুমোদিত পদের মধ্যে প্রথম শ্রেণিতে ৩২টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন ২২ জন, শূন্য ১০টি পদ। দ্বিতীয় শ্রেণিতে ৩৭টি পদের বিপরীতে কর্মরত ৩৩ জন, শূন্য ৪টি পদ। তৃতীয় শ্রেণিতে ৯২টি পদের বিপরীতে কর্মরত ৭২ জন, শূন্য ২০টি পদ। চতুর্থ শ্রেণিতে ২৫টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ৬ জন। এ শ্রেণিতে শূন্য রয়েছে ১৯টি পদ।

বিশেষ করে গাইনি ও প্রসূতি, শিশু রোগ, নাক-কান-গলা এবং হৃদরোগ বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের সংকট থাকায় নারী, শিশু ও অন্যান্য রোগীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন গর্ভবতী নারী ও শিশুরা। দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে এসে প্রয়োজনীয় চিকিৎসক না পেয়ে অনেক রোগীকে হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে। এতে সময় ও অর্থ—দুটিই অপচয় হচ্ছে।

হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী, গত অক্টোবর মাসে বহির্বিভাগে ১৬ হাজার ৭২৯ জন, জরুরি বিভাগে ৪ হাজার ৪৫ জন এবং অন্তর্বিভাগে ভর্তি হয়ে ৮২৩ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। এ ছাড়া প্রতি মাসে গড়ে ৫৭টি স্বাভাবিক প্রসব ও ১১টি সিজারিয়ান অপারেশন সম্পন্ন হচ্ছে।

হাসপাতাল সূত্র জানায়, স্বাভাবিক প্রসব, সিজারিয়ান অপারেশন, এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম, ইসিজি ও প্যাথলজি পরীক্ষাসহ বিভিন্ন সেবার পরিধি আগের তুলনায় বেড়েছে। সাপে কাটা রোগীদের চিকিৎসার জন্য অ্যান্টিভেনম এবং জলাতঙ্ক প্রতিরোধে অ্যান্টি-র‌্যাবিস ভ্যাকসিনও মজুত রাখা হয়েছে।

স্থানীয়দের মতে, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মান ও পরিধি আরও বাড়াতে হলে জনবল সংকট নিরসন জরুরি। বিশেষ করে চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের শূন্য পদ দ্রুত পূরণ করা প্রয়োজন। এতে বিদ্যমান জনবলের ওপর অতিরিক্ত কাজের চাপ কমার পাশাপাশি রোগীদের অপেক্ষার সময়ও কমবে এবং মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা কাপাসিয়া উপজেলার তারাগঞ্জ ডেমরা এলাকার অন্তর্বিভাগে ভর্তি রোগী মো. রফিজউদ্দিন বলেন, “অন্য হাসপাতালের তুলনায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান ভালো। এ কারণেই আমরা এখানে চিকিৎসা নিতে এসেছি।”

জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক সেবাপ্রার্থী বলেন, “হাসপাতালের চিকিৎসাসেবার মান আগের চেয়ে অনেক ভালো হয়েছে। চিকিৎসক যত্নসহকারে আমার চিকিৎসা করেছেন। হাসপাতালে দালালের দৌরাত্ম্য চোখে পড়েনি। কেউ কোনো টাকা-পয়সাও দাবি করেননি।”

তবে বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা কালীগঞ্জ পৌর এলাকার বালীগাঁও গ্রামের সাত্তার মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, “ডায়াবেটিস পরীক্ষা করাতে এসে দেখি প্রয়োজনীয় ব্যবস্থা নেই। ওষুধ নেই বলে পরীক্ষাও করাতে পারিনি। আগে হাসপাতালে সবকিছু পাওয়া যেত। এখন ডাক্তার থাকলে ওষুধ থাকে না, আবার ওষুধ থাকলে ডাক্তার পাওয়া যায় না। প্রয়োজনীয় চিকিৎসকের অভাবে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। অনেকে টিকিট কেটেও চিকিৎসক না পেয়ে ফিরে যাচ্ছেন।”

এদিকে চিকিৎসকদের নির্ধারিত সময়ে উপস্থিত না থাকা এবং আয়া ও সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে রোগী ও স্বজনদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ করেছেন একাধিক সেবাপ্রার্থী। পাশাপাশি হাসপাতালের টয়লেটের অপরিচ্ছন্ন পরিবেশ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক রোগীদের জন্য এটি বাড়তি দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সেবাগ্রহীতারা হাসপাতালের টয়লেটসহ সার্বিক পরিবেশ পরিচ্ছন্ন রাখা, কর্মীদের আচরণে পেশাদারত্ব নিশ্চিত করা, চিকিৎসকদের নির্ধারিত সময়ে উপস্থিতি এবং প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগের দাবি জানিয়েছেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদ বলেন, “হাসপাতালে ১১টি কনসালট্যান্ট পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র চারজন। গাইনি ও প্রসূতি, শিশু রোগ, নাক-কান-গলা এবং হৃদরোগ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকের পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। পাঁচজন মেডিকেল অফিসার এ হাসপাতালে নিয়োগপ্রাপ্ত হলেও তাঁরা অন্যত্র সংযুক্ত রয়েছেন।”

তিনি আরও বলেন, “পার্শ্ববর্তী পলাশ ও রূপগঞ্জ উপজেলা থেকেও প্রতিদিন বিপুলসংখ্যক রোগী এখানে চিকিৎসা নিতে আসেন। জরুরি, বহির্বিভাগ ও অন্তর্বিভাগ মিলিয়ে প্রতিদিন প্রায় দেড় হাজার রোগীকে সেবা দিতে হয়। জনবল সংকটের পাশাপাশি চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করাও কঠিন হয়ে পড়ছে। সীমিত জনবল নিয়ে চিকিৎসক ও নার্সদের কঠোর পরিশ্রম করতে হচ্ছে। এরপরও আমরা রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছি।”

এ অবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শূন্য পদগুলো দ্রুত পূরণ, প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ, ওষুধ সরবরাহ নিশ্চিত এবং হাসপাতালের পরিবেশ ও সেবার মান উন্নয়নে স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]