মাদককে আশ্রয় নয়, প্রতিরোধেই সমাধান’—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের কচুয়া উপজেলার আশরাফপুরে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে মাদকমুক্ত সমাজ গঠন এবং সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে আশরাফপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাইতুস সালাম জামে মসজিদ কমিটি এ সমাবেশের আয়োজন করে।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাসুদ এলাহী সুভাষ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান।
বাইতুস সালাম জামে মসজিদের খতিব মাওলানা মো. আল-আমিন হোসেনের সভাপতিত্বে এবং সাংবাদিক এমরান হোসেন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি রহমত উল্লাহ, আশরাফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হোসেন ইমাম, আশরাফপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এম আবু ফয়েজ, উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম তালুকদার, কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) সোহেল খান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সম্রাট মো. রইছ উদ্দিন চৌধুরী এবং সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মারুফ আহমেদ সুমন।
এ ছাড়া স্থানীয়দের মধ্যে বক্তব্য দেন সুলতান আহমেদ, সগির তালুকদার, সমাজসেবক মঞ্জুর আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মারাত্মক বিপর্যয়ের মুখে ঠেলে দেয়। মাদকের বিস্তার রোধে পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তারা আরও বলেন, তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহ পরিণতি সম্পর্কে সচেতন করতে হবে। খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি ও সুস্থ সামাজিক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করার মাধ্যমে মাদক থেকে দূরে রাখতে হবে।
সমাবেশ থেকে মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় প্রশাসন, জনপ্রতিনিধি, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।