প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১০:১৬ পিএম
(ভিজিট : ১০)
কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া কনকস্তুপ বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও বৌদ্ধ ধর্মীয় মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী দুটি পর্বে চলে এ অনুষ্ঠান। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে আগত নারী পুরুষ ও এলাকার গন্যমান্য লোকজন বিহার প্রাঙ্গণে এসে ধর্মীয় আলোচনা মনোযোগ সহকারে শ্রবণ করেন।
প্রথম পর্বে বুদ্ধপূজা, অষ্টপরিস্কার সহ সংঘদানানুষ্ঠানে, বরইগাঁও সংঘরাজ জ্যোতিঃপাল মহাথের কনকচৈত্য বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ প্রজ্ঞাশ্রী মহাথের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যভাষা বিভাগের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ড. জ্ঞানরত্ন মহাথের।
অতিথি হিসেবে ছিলেন দুপচর তক্ষশীলা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সাধনপ্রিয় মহাথের, রামঘর ত্রিরত্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ প্রজ্ঞারত্ন থের, কিংকাছনাই জগতজ্যোতি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সুমেধসেন থের, কোঁয়ার ইন্দ্রধাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ রতনজ্যোতি ভিক্ষু।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্বোধি সোসাইটি অব বাংলাদেশ এর সহ-সম্পাদক বাবু রাহুল চন্দ্র সিংহ, ত্রিরত্ন এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী বাবু সঞ্জীব বড়ুয়া ও সম্বোধি সোসাইটি অব বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক বাবু জীবন সিংহ।
অনুষ্ঠান পরিচালনা করেন সম্বোধি সোসাইটি অব বাংলাদেশ এর সভাপতি শ্রী সুষেন চন্দ্র সিংহ ও কনকস্তূপ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও সম্বোধি সোসাইটি অব বাংলাদেশ এর সম্পাদক শ্রী ধর্মপাল ভিক্ষু।
চীবর উৎসর্গের সময় ভক্তদের সাধু, সাধু, ধ্বনিতে কনকস্তুপ বৌদ্ধ বিহার এলাকা মুখরিত হয়ে ওঠে।
দিনব্যাপী অনুষ্ঠানে বুদ্ধপূজা, অষ্টপরিস্কার, সংঘদান, কঠিন চীবর দান ছাড়াও কল্পতরু দান, প্যাগোডার অর্থ দান, হাজার প্রদীপ দান অনুষ্ঠানের আয়োজন করা হয়।