বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের তিন দশক পূর্তি উপলক্ষে রাজধানীতে শুরু হয়েছে ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬। বৃহস্পতিবার (৫ নভেম্বরর) রাজধানীর একটি হোটেলে তিন দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
এবারের আয়োজনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য, প্রযুক্তি ও সেবা প্রদর্শনের পাশাপাশি দুই দেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা তুলে ধরা হচ্ছে।
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ ছাড়া বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী, উদ্যোক্তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।
আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত এ প্রদর্শনী চলবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত। এবারের ট্রেড শোতে মোট ৪৩টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের জন্য ৬৩টি স্টল ও প্রদর্শনী বুথ রাখা হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, তিন দিনের এ আয়োজনে ১০ হাজার থেকে ১৫ হাজার দর্শনার্থীর সমাগম হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ্যামচেম বাংলাদেশের সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল।
আয়োজকদের মতে, এ ধরনের প্রদর্শনী দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে সরাসরি যোগাযোগ, বাণিজ্যিক অংশীদারত্ব এবং নতুন ব্যবসার সুযোগ তৈরিতে ভূমিকা রাখে। একই সঙ্গে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর জন্য যুক্তরাষ্ট্রের বাজার, প্রযুক্তি ও বিনিয়োগসংশ্লিষ্ট সুযোগ সম্পর্কে জানার ক্ষেত্র তৈরি করে।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্কের ধারাবাহিকতায় এবারের আয়োজনকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিশেষ করে বিনিয়োগ, প্রযুক্তি, জ্বালানি, স্বাস্থ্যসেবা এবং তথ্যপ্রযুক্তির মতো খাতে দুই দেশের সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে।
প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর পণ্য ও সেবা সম্পর্কে সরাসরি জানার পাশাপাশি ব্যাবসায়িক যোগাযোগ তৈরির সুযোগ পাবেন দর্শনার্থীরা।
এবারের ট্রেড শো উপলক্ষে বিভিন্ন সমসাময়িক বিষয়ে ছয়টি সেমিনারের আয়োজনও রাখা হয়েছে। এর মধ্যে নারী নেতৃত্বের বিকাশ, জ্বালানি, স্বাস্থ্যসেবা, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং যুক্তরাষ্ট্রে বিনিয়োগের সম্ভাবনার মতো বিষয় রয়েছে। বিশেষ করে ‘From Aspiration to Achievement : Empowering the Next Generation of Women Leaders’ শীর্ষক সেমিনারে আগামী প্রজন্মের নারী নেতৃত্ব বিকাশের বিভিন্ন দিক আলোচনায় আসবে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ৫ থেকে ৭ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে। ব্যবসায়ী, উদ্যোক্তা, শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীরা এতে অংশ নিতে পারবেন।