প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৮:২০ পিএম
(ভিজিট : ১০)
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় প্রেসার কুকারের ভেতরে লুকিয়ে রাখা একটি সন্দেহজনক বোমা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার রাতে পূর্ব সুজনকাঠি এলাকার একটি তিন রাস্তার মোড়ে ইজিবাইকচালক কাওসার খলিফার বহন করা ব্যাগ থেকে ডিভাইসটি উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দারা তাঁকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
বরিশাল রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হুমায়ুন কবির জানান, রাত ১১টার দিকে কাওসার সেরাল গ্রাম থেকে তালতলা বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় ইজিবাইকে থাকা একটি ব্যাগ দেখে স্থানীয় ছাত্রদলের এক নেতার সন্দেহ হয়।
তাঁকে থামতে বলা হলে চালক সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। পরে পশ্চিম সুজনকাঠি এলাকায় স্থানীয় লোকজন ইজিবাইকটি আটক করেন। এরপর ব্যাগের ভেতরে সন্দেহজনক বিস্ফোরক ডিভাইসটি পাওয়া যায়।
পুলিশ জানায়, প্রায় আড়াই লিটারের একটি প্রেসার কুকারের ভেতরে ডিভাইসটি রাখা ছিল। সেটি আঠালো টেপ দিয়ে মোড়ানো ছিল। বুধবার দুপুরে ঢাকায় থেকে আসা স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ছয় সদস্যের বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছে ডিভাইসটি নিষ্ক্রিয় করে।
এ ঘটনায় গ্রেপ্তার অন্য দুজন হলেন ২৬ বছর বয়সী ফাহিম দাড়িয়া ও ৪০ বছর বয়সী নাসির ঘরামী। জনমনে আতঙ্ক সৃষ্টি ও দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে বিস্ফোরক দ্রব্য রাখা এবং সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আদালতের নির্দেশে কাওসারকে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।