শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬ ● ৮ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


গাজীপুরে পুলিশের টহলদলে কাভার্ড ভ্যানের ধাক্কা, এসআইসহ নিহত ২
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৩:৪৪ পিএম  (ভিজিট : ৮৭)

গাজীপুরের কালীগঞ্জে পুলিশের টহলদলকে ধাক্কা দিয়েছে একটি কাভার্ড ভ্যান। এতে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও বিএনপির এক স্থানীয় নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই পুলিশ সদস্য।

নিহতরা হলেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক মিজানুর রহমান এবং কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম মোল্লা।

পুলিশ জানায়, শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে মিজানুর রহমানের নেতৃত্বে একটি দল টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়কে টহল দিচ্ছিল। একই সঙ্গে বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানা তামিলের কাজও চলছিল। এ সময় সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের কাছে কয়েকজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের জন্য থামেন পুলিশ সদস্যরা।

ভোর সাড়ে ৩টার দিকে অজ্ঞাতপরিচয় একটি কাভার্ড ভ্যান তাঁদের ধাক্কা দেয়। এতে মিজানুর রহমান, প্রবেশনারি উপপরিদর্শক জাভেদ ওমর, কনস্টেবল ও গাড়িচালক ফজলে রাব্বি এবং রফিকুল ইসলাম গুরুতর আহত হন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, কাভার্ড ভ্যানটির চালক মিজানুর রহমানকে প্রায় আধা কিলোমিটার টেনে নিয়ে যান। পরে তাঁকে সড়কের পাশে ফেলে রেখে নরসিংদীর ঘোড়াশালের দিকে পালিয়ে যান চালক।

স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মিজানুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরে তাঁর মৃত্যু হয়।

আহত জাভেদ ওমর চিকিৎসাধীন রয়েছেন। কনস্টেবল ফজলে রাব্বিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, কাভার্ড ভ্যানটি শনাক্ত করা যায়নি এবং চালককেও এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। টহল অভিযানের সময় রফিকুল ইসলাম সেখানে কী কারণে উপস্থিত ছিলেন, তা-ও স্পষ্ট নয়।

ঘটনার পর কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম এবং কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]