রাজধানীর উত্তরখানে ভাড়া বাসা থেকে সানজিদা ইসলাম ইমা (২৪) নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তার স্বামী আমিনুর ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উত্তরখানের একটি বহুতল ভবনের নবম তলার ফ্ল্যাটের মেঝে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আজ সোমবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) মো. নিয়ার আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুলিশের প্রাথমিক ধারণা, রবিবার সকাল থেকে সন্ধ্যা ৭টার মধ্যে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এসআই নিয়ার আলী আরো জানান, নিহতের চাচা তাঁর স্বামী আমিনুর ইসলামকে প্রধান আসামি করে থানায় হত্যা মামলা করেছেন। ওই মামলায় আমিনুরকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহত সানজিদা ইসলাম ইমা পাবনা সদর উপজেলার টাউন হল এলাকার শফিকুল ইসলামের মেয়ে। তিনি পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রেমের সম্পর্কের পর গত বছরের ডিসেম্বরে পারিবারিকভাবে আমিনুর ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের দুই মাস পর তারা ঢাকার উত্তরখানে ভাড়া বাসায় বসবাস শুরু করেন। প্রথম দিকে তাদের সংসার ভালো চললেও পরবর্তী সময়ে দাম্পত্য কলহ শুরু হয়।
স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটি ও নির্যাতনের ঘটনা ঘটত বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। একপর্যায়ে সানজিদা বাবার বাড়ি পাবনায় চলে যান। পরে পারিবারিকভাবে সমঝোতার পর পাঁচ দিন আগে আবারও ঢাকায় স্বামীর বাসায় আসেন।
স্বজনদের দাবি, ঢাকায় আসার দুই দিন পর সানজিদা পরিবারের সদস্যদের ফোন করে জানান, তিনি আর ওই বাসায় থাকতে পারবেন না। তাঁকে যেন এসে নিয়ে যাওয়া হয়। এরপর একদিন তাঁকে ফোনে পাওয়া যায়নি। তাঁর স্বামীকে ফোন করলে তিনি অফিসে থাকার কথা জানান। পরে রবিবার রাতে আমিনুর ফোন করে সানজিদার আত্মহত্যার খবর দেন।
নিহতের স্বজনদের অভিযোগ, সানজিদা আত্মহত্যা করেননি, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।