মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৬ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


গারো পাহাড়ে অবাধে পাথর-বালু উত্তোলন, হুমকিতে প্রকৃতি ও পর্যটন
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ১০:২১ পিএম  (ভিজিট : ৫২)
সবুজ পাহাড়, আঁকাবাঁকা নদী আর স্বচ্ছ জলধারার প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়। প্রকৃতির টানে প্রতিবছর দেশের বিভিন্ন এলাকা থেকে এখানে ছুটে আসেন পর্যটকেরা। তবে পাহাড়, নদী ও ঝরনা থেকে অবৈধভাবে পাথর-বালু উত্তোলনের অভিযোগে ক্রমেই ক্ষতিগ্রস্ত হচ্ছে এ অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ। এতে জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি পর্যটনশিল্পের সম্ভাবনাও হুমকির মুখে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র পাহাড় কেটে এবং নদী ও ঝরনা থেকে পাথর-বালু তুলে বিক্রি করছে। প্রতিদিন বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ উত্তোলন করা হলেও প্রশাসনের কার্যকর নজরদারি নিয়ে প্রশ্ন রয়েছে। দিনের বেলায় উত্তোলিত পাথর-বালু বিভিন্ন স্থানে স্তূপ করে রাখা হয়। পরে রাতের আঁধারে ঘোড়ার গাড়ি, ভ্যান, ট্রলি, মাহিন্দ্র ও ট্রাকে করে সেগুলো বিভিন্ন এলাকায় নিয়ে বিক্রি করা হচ্ছে।

গারো পাহাড়ের অন্যতম আকর্ষণ গজনী অবকাশ বিনোদন কেন্দ্র। পাহাড়ের সবুজ বনভূমি, টিলা, ঝরনা ও নদীকে ঘিরে ১৯৯৩ সালে এ পর্যটনকেন্দ্র গড়ে তোলা হয়। একসময় গজনীকে কেন্দ্র করে শেরপুরে পর্যটনশিল্পের সম্ভাবনা তৈরি হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা এখানে এসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। পর্যটনকেন্দ্রটি থেকে সরকারও রাজস্ব পেয়ে থাকে। তবে স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত পাহাড় কাটা এবং পাথর-বালু উত্তোলনের কারণে এ অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ক্রমেই নষ্ট হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তবর্তী কালঘোষা নদীর গান্ধিগাঁও, দরবেশতলা, হালচাটি, মালিটিলা, বাকাকুড়া, গজনী ও ছোট গজনীসহ বিভিন্ন এলাকায় পাথর-বালু উত্তোলন করা হচ্ছে। সংরক্ষিত বনাঞ্চলেও এ কার্যক্রম চলার অভিযোগ রয়েছে। শতাধিক শ্রমিক বেলচা, কোদালসহ বিভিন্ন সরঞ্জাম দিয়ে পাহাড় কেটে এবং নদী-ঝরনা থেকে পাথর ও বালু সংগ্রহ করছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

উত্তোলিত পাথর-বালু প্রথমে টুকরি ও মাথায় করে বনাঞ্চলের বিভিন্ন স্থানে নিয়ে স্তূপ করা হয়। পরে রাত ১২টার পর থেকে ঘোড়ার গাড়ি, ভ্যান, ট্রলি, মাহিন্দ্র ও ট্রাকযোগে সেগুলো উপজেলা ও জেলা সদরের বিভিন্ন এলাকায় নেওয়া হয়। স্থানীয়দের দাবি, রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত চলে এসব পাথর-বালু পরিবহনের কাজ।

পরিবেশসচেতন ব্যক্তিরা বলছেন, এভাবে পাহাড় কাটা এবং নদী-ঝরনা থেকে পাথর-বালু উত্তোলন চলতে থাকলে পাহাড়ের স্বাভাবিক ভূমিরূপ বদলে যেতে পারে। ব্যাহত হতে পারে নদী ও ঝরনার স্বাভাবিক প্রবাহ। একই সঙ্গে বন্য প্রাণীর আবাসস্থল ধ্বংস এবং জীববৈচিত্র্যের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এতে গারো পাহাড়ের পর্যটন আকর্ষণও কমে যেতে পারে। দীর্ঘমেয়াদে এর প্রভাব পড়তে পারে স্থানীয় মানুষের জীবন-জীবিকার ওপর।

অবৈধ উত্তোলন বন্ধে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, বালুবাহী যানবাহন আটক, জরিমানা ও কারাদণ্ড দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে এসব উদ্যোগের পরও কার্যক্রম বন্ধ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

গত ৩ জুন রাতে বালুভর্তি চারটি মাহিন্দ্র গাড়ি আটকের ঘটনাকে কেন্দ্র করে উত্তোলনকারীদের হামলায় ঝিনাইগাতী উপজেলার গজনী ফরেস্ট বিট কর্মকর্তা মো. সালেহীন নেওয়াজ ও বনপ্রহরী জিয়াউর রহমান আহত হন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, ওই ঘটনার পর বন বিভাগের তৎপরতা কমে গেছে। পাশাপাশি উপজেলা প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সচেতন মহলের অনেকে।

এ বিষয়ে রাংটিয়া ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মো. হাবিবউল্লাহর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি। গজনী ফরেস্ট বিট কর্মকর্তা মো. সালেহীন নেওয়াজ বলেন, নদীর বালু জেলা প্রশাসনের আওতাধীন। তাই বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসনের ভূমিকা প্রয়োজন।

শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, বিষয়টি দেখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

স্থানীয় সচেতন মহলের মতে, গারো পাহাড় কেবল পাথর-বালুর উৎস নয়; এটি শেরপুরের প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্য ও পর্যটনশিল্পের গুরুত্বপূর্ণ সম্পদ। অপরিকল্পিতভাবে এ সম্পদ ধ্বংস হলে তা পুনরুদ্ধার করা কঠিন হবে। তাই অবৈধ পাথর-বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা, জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সংরক্ষিত বনাঞ্চলে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা। তাঁদের মতে, কার্যকর উদ্যোগ নেওয়া না হলে গারো পাহাড়ের পরিবেশ ও পর্যটনের সম্ভাবনা আরও ক্ষতিগ্রস্ত হবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]