সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, অর্থনৈতিক ও সামাজিক স্বার্থে কিছু মানুষ একত্র হয়ে সম্মিলিতভাবে কাজ করাই সমবায়ের মূল দর্শন। দেশে মধ্যস্বত্বভোগীদের কারণে কৃষকেরা উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পান না। অন্যদিকে, ক্রেতাদেরও বেশি দামে পণ্য কিনতে হয়। সমবায়ের মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরতা কমিয়ে গ্রামীণ অর্থনীতির এ বঞ্চনা দূর করা সম্ভব। দেশের ১৮ কোটি মানুষকে স্বাবলম্বী করতে এবং গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে সমবায় আন্দোলন আরও বেগবান করা প্রয়োজন।
রোববার (৮ নভেম্বর) গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কালব রিসোর্ট অ্যান্ড কনভেনশন হলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগ এ সভার আয়োজন করে।
রিজভী বলেন, ১৮৪৪ সালে ইংল্যান্ডে আধুনিক সমবায় আন্দোলনের যাত্রা শুরু হয়। বাংলাদেশের ইতিহাসেও গ্রাম সমিতির মতো সম্মিলিত উদ্যোগের প্রচলন ছিল। এসব উদ্যোগের মাধ্যমে গ্রামের মানুষ নিজেদের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন। পরবর্তী সময়ে ব্রিটিশ শাসনামলে ইউরোপীয় অর্থনৈতিক ব্যবস্থা চালুর ফলে গ্রামীণ স্বনির্ভর কাঠামো ক্ষতিগ্রস্ত হয়। পরে আধুনিক সমবায় আন্দোলনের মাধ্যমে সম্মিলিত অর্থনৈতিক উদ্যোগের ধারা নতুনভাবে বিকশিত হয়। সমবায়ের ভিত্তিতে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন, গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া এবং অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তানিয়া তাবাসসুম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা আতাউর রহমান। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ূন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেডের (কালব) চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায় সমিতির সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।