প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৩ পিএম
(ভিজিট : ৯)
দক্ষিণ কোরিয়ার হোয়াসং সিটিতে হোয়াসং বায়তুল ফালাহ মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারে কোরিয়া মুসলিম কমিউনিটির (KMC) আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ইসলামিক কর্মশালা ২০২৬।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট ইসলামিক স্কলার শায়খ মুফতি আলী হাসান উসামা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসান ও হোয়াসং বায়তুল ফালাহ মসজিদের ইমাম ও খতিবসহ দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বিভিন্ন মসজিদ, ইসলামিক সেন্টার ও কমিউনিটির দায়িত্বশীল ব্যক্তিরা।
এছাড়াও দক্ষিণ কোরিয়ায় প্রতিষ্ঠিত বাংলাদেশি ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন কমিউনিটির দায়িত্বশীল ব্যক্তি এবং বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রায় ১ হাজার ৩০০ প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে মসজিদ প্রাঙ্গণ কিছুক্ষণের জন্য পরিণত হয় এক টুকরো বাংলাদেশে।
অনুষ্ঠানে বক্তারা ধর্মীয় আলোচনার পাশাপাশি দক্ষিণ কোরিয়ার মতো একটি দেশে বাংলাদেশের সংস্কৃতি ও ইসলামি মূল্যবোধকে ধারণ করে চলার ওপর গুরুত্বারোপ করেন। তারা প্রবাসীদের বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত থাকার জন্য উৎসাহিত করেন। পাশাপাশি মাতৃভূমি বাংলাদেশের উন্নয়ন ও কল্যাণে প্রবাসীদের নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার আহ্বান জানান।
কোরিয়া মুসলিম কমিউনিটির সভাপতি ইয়াছির চৌধুরী সভাপতির বক্তব্যে বলেন, প্রতি বছর ছুটির সময় এ ধরনের কর্মশালার আয়োজন করা হয়, যাতে দক্ষিণ কোরিয়ার কর্মব্যস্ত জীবনের মাঝেও প্রবাসী বাংলাদেশিরা নিজেদের দেশীয় সংস্কৃতি ও ইসলামি মূল্যবোধের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারেন।
তিনি বলেন, প্রবাসে থেকেও নতুন প্রজন্মের মাঝে ইসলামি মূল্যবোধ, নৈতিকতা ও বাংলাদেশের সংস্কৃতির চর্চা অব্যাহত রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোরিয়া মুসলিম কমিউনিটির সেক্রেটারি মো. কামাল হোসেন।
দিনব্যাপী এ কর্মশালায় ইসলামি আলোচনা, দিকনির্দেশনামূলক বক্তব্যসহ প্রবাসীদের ধর্মীয় ও সামাজিক জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
পরিশেষে দুপুরে বাংলাদেশি স্বাদের খাবার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।