প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৪ পিএম
(ভিজিট : ১১)
সৌদি আরবের মক্কা, জেদ্দা ও তায়েফ এলাকায় সম্ভাব্য বিপদের সতর্কতা জারি করেছে দেশটির সিভিল ডিফেন্স। জাতীয় জরুরি সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের মোবাইল ফোনে এ সতর্কবার্তা পাঠানো হয়।
সতর্কবার্তায় বাসিন্দাদের শান্ত থাকার পাশাপাশি দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে ভবনের ভেতরে, জানালা থেকে দূরে অবস্থান করতে এবং খোলা জায়গা, বারান্দা ও ছাদ এড়িয়ে চলতে বলা হয়েছে। বাইরে থাকা ব্যক্তিদের নিকটস্থ ভবন বা নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
তবে সতর্কবার্তায় সম্ভাব্য বিপদের সুনির্দিষ্ট ধরন উল্লেখ করা হয়নি। সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার হুমকির মধ্যে এ ধরনের সতর্কতা জারি করা হচ্ছে। ১৮ সেপ্টেম্বরও জেদ্দা ও তায়েফসহ কয়েকটি এলাকায় সম্ভাব্য বিপদের সতর্কতা জারি হয়েছিল।
এদিকে, ২৪ সেপ্টেম্বর মক্কা অঞ্চলের তায়েফসহ বিভিন্ন এলাকায় আবহাওয়া-সংক্রান্ত সতর্কতাও সক্রিয় রয়েছে। সৌদি ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজির তথ্য অনুযায়ী, তায়েফে ভারী বৃষ্টির জন্য রেড অ্যালার্ট এবং জেদ্দায় কুয়াশার জন্য অরেঞ্জ অ্যালার্ট কার্যকর রয়েছে।
সিভিল ডিফেন্সের নির্দেশনা অনুসরণ করে বাসিন্দা ও দর্শনার্থীদের সতর্ক থাকার এবং কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনার প্রতি নজর রাখার আহ্বান জানানো হয়েছে।