বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও সম্পাদক কাদের গনি চৌধুরী বলেছেন, গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়। বরং স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সরকারের ভুলত্রুটি তুলে ধরা এবং গঠনমূলক সমালোচনা করা রাষ্ট্র ও সরকারকে এগিয়ে নিতে সহায়তা করে।
তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সঙ্গে বিরোধে জড়িয়ে কোনো সরকারই উপকৃত হতে পারে না। সরকারের ভুলত্রুটি তুলে ধরা এবং প্রয়োজনীয় সমালোচনা করা গণমাধ্যমের দায়িত্ব।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন কাভার করতে যুক্তরাষ্ট্রে যাওয়া বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে আমেরিকা-বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট জাকির এইচ চৌধুরীর আয়োজনে এক মতবিনিময় সভায় বৃহস্পতিবার এসব কথা বলেন কাদের গনি চৌধুরী।
অনুষ্ঠানে প্রফেসর সৈয়দ আজাদ, গাজী মনির আহমেদ, মোতাহার হোসেন, নুর মোহাম্মদ, এটিএম হেলালুর রহমান, মাহবুবুর রহমান, শাহ আলম, নুর আলম, সাংবাদিক রেজাউল করিম লাভলু, দীন ইসলাম, সাইফুল ইসলাম ও মাহবুব রশীদসহ অনেকে উপস্থিত ছিলেন।
কাদের গনি চৌধুরী বলেন, সংবাদমাধ্যমের আনুগত্য থাকবে সত্য ও জনগণের প্রতি; কোনো রাজনৈতিক দল বা ক্ষমতার কেন্দ্রের প্রতি নয়। তিনি বলেন, গণতন্ত্রের শত্রুরাই গণমাধ্যমের শত্রু। যে দেশে গণতন্ত্রের চর্চা থাকে না, সে দেশে সংবাদপত্রের স্বাধীনতাও নিশ্চিত করা যায় না।
সাংবাদিকদের এ নেতা বলেন, শুধু গণমাধ্যমের স্বাধীনতার কথা বললেই হবে না, এর সঙ্গে দায়িত্বশীলতার বিষয়টিও গুরুত্ব দিতে হবে। গণমাধ্যমকে সমাজের বিভিন্ন পক্ষের বক্তব্য তুলে ধরার পাশাপাশি অপতথ্য ও গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি থেকে বিরত থাকতে হবে।
দেশে সংবাদপত্র প্রকাশের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার ঘাটতি নিয়েও কথা বলেন তিনি। ‘ব্যাঙের ছাতার মতো’ পত্রিকা প্রকাশের সুযোগ দেওয়ার সমালোচনা করে কাদের গনি চৌধুরী বলেন, হাতে গোনা কয়েকটি পত্রিকা ছাড়া অনেক প্রতিষ্ঠানেরই প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক কাঠামো নেই। ওয়েজবোর্ড অনুসরণ তো দূরের কথা, অনেক প্রতিষ্ঠান নিয়মিত বেতনও দেয় না। এ ধরনের নৈরাজ্য দূর করা প্রয়োজন।
বিগত সরকারের সময়ে স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ করে দেওয়া হয়েছিল বলেও মন্তব্য করেন বিএফইউজে মহাসচিব। তিনি বলেন, বর্তমানে সাংবাদিকরা সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছেন। এই স্বাধীনতা যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে—এ প্রত্যাশা করেন তিনি।
সরকারের উদ্দেশে কাদের গনি চৌধুরী বলেন, গণমাধ্যমকে শত্রু মনে করার কোনো কারণ নেই। গণমাধ্যম সরকারকে সত্যটা জানাবে; অন্যরা হয়তো সাফল্যের গল্প বানিয়ে শোনাবে।