প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩০ পিএম
(ভিজিট : ১০)
কুমিল্লায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক পেয়েছেন বিভিন্ন দুর্ঘটনায় আহত, নিহত শ্রমিকের পরিবারের সদস্য এবং জটিল রোগে আক্রান্ত ৩৮ জন শ্রমিক। তাদের মধ্যে ১৯ লাখ ৫৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে আঞ্চলিক শ্রম দপ্তর, কুমিল্লার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক মিজ রোজী আক্তার।
অনুষ্ঠানে উপস্থিত থেকে শ্রমিকদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুন, আঞ্চলিক শ্রম দপ্তর কুমিল্লার উপপরিচালক মোহা: আবুল বাসার, কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি ও কুমিল্লা প্রেসক্লাবের অর্থ সম্পাদক মো. শাহ্ আলম শফি এবং আঞ্চলিক শ্রম দপ্তরের শ্রম কর্মকর্তা গোলাম সহিদ সারোয়ার।
আঞ্চলিক শ্রম দপ্তর সূত্রে জানা গেছে, কর্মস্থলে দুর্ঘটনায় আহত বা নিহত শ্রমিকের পরিবার এবং বিভিন্ন জটিল রোগে আক্রান্ত শ্রমিকদের চিকিৎসা সহায়তার জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আওতায় এ অনুদান দেওয়া হয়েছে।