প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১১ এএম
(ভিজিট : ২১)
টাঙ্গাইলের সখিপুর উপজেলার দেওবাড়ী এলাকায় শিল্পকারখানা স্থাপনে আগ্রহী একটি চায়না কোম্পানির প্রতিনিধিরা সম্ভাব্য জমি পরিদর্শন করেছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আহমেদ আযম খানের নেতৃত্বে চায়না প্রতিনিধি দল ওই এলাকা পরিদর্শন করে।
কারখানা স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শনকালে মন্ত্রী স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও পরিবেশ সুরক্ষার ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিল্পকারখানা স্থাপনের ক্ষেত্রে দুটি শর্তের কথা জানান।
মন্ত্রী বলেন, কারখানায় কর্মী নিয়োগের ক্ষেত্রে বাইরে থেকে লোক এনে নিয়োগ না দিয়ে দেওবাড়ী ও দাড়িয়াপুর ইউনিয়নের স্থানীয় বেকারদের অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি শিল্পকারখানা স্থাপনের কারণে কোনোভাবেই যেন পরিবেশের ক্ষতি বা দূষণ না হয়, তা নিশ্চিত করতে হবে।
স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং পরিবেশের ভারসাম্য রক্ষাকে গুরুত্ব দিয়েই দেওবাড়ী এলাকায় শিল্পকারখানা স্থাপনের উদ্যোগ এগিয়ে নেওয়ার কথা জানান তিনি। পরিদর্শনকালে চায়না কোম্পানির প্রতিনিধিদের পাশাপাশি স্থানীয় পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।