বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬ ১২ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবকদল নেতাকে হত্যাচেষ্টা, ৬ দিন পর থানায় মামলা
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১১:০১ পিএম  (ভিজিট : ১৪)
পাবনার ঈশ্বরদীতে আলোচিত উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে কুপিয়ে ও গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় অবশেষে ৬ দিন পর থানায় মামলা দায়ের করা হয়েছে। দায়েরকৃত এ মামলায় জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের ভাই ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক বিপুল হোসেন বুদুকে প্রধান আসামী করে ছয়জনকে নামীয় এবং অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৭ জনকে আসামি করা হয়েছে মামলাটি তে। 

গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে থানায় উপস্থিত হয়ে শরিফুল ইসলাম শরিফ  বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আজ বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ওসি মোঃ আশাদুর রহমান।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বুধবার (১৯ আগস্ট) রাত আনুমানিক ১১টা ২২ মিনিটে শরিফুল ইসলাম শরিফ নিজের প্রাইভেটকার চালিয়ে জয়নগরের নিজ বাড়িতে ফিরছিলেন। পথে জয়নগর কিন্ডারগার্টেনের সামনে পাকা রাস্তায় পৌঁছালে এজাহারে ৫ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা মুকুল হোসেন মোটরসাইকেল নিয়ে এসে তার গাড়ির সামনে গিয়ে পথরোধ করেন। গাড়ি থামানোর পর মুকুল হোসেনসহ কয়েকজন সেখানে অবস্থান নেন। এ সময় মুকুলের সঙ্গে থাকা সহযোগীরা শরিফকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়লে গাড়ির কাচ ভেঙ্গে তার চোয়াল ভেদ করে গুলি বেরিয়ে যায়। এরপর কয়েকজন আসামি ধারালো অস্ত্র নিয়ে শরিফুল ইসলাম শরিফকে গাড়ি থেকে বের করে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। এতে তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। একপর্যায়ে জীবন বাঁচাতে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় শরিফুল ইসলাম শরিফকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 

এর আগে হামলার পর স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, শরিফুল ইসলাম শরিফ জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। সম্প্রতি মানিকনগর বালিকা উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি আওয়ামী সহযোগীদের নিয়ে করা হয়েছে এমন অভিযোগের প্রতিবাদ করা নিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ ছাড়া শরিফসহ উপজেলা বিএনপির ছয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছেও একটি লিখিত অভিযোগ জানিয়ে চিঠি দেন। এরপর থেকেই দলীয় বিরোধ প্রকাশ্যে আসে বলে সূত্রের দাবি।

এ ঘটনায় আহত শরিফুল ইসলাম শরিফ দাবি করে বলেন, আওয়ামীলীগকে পুনর্বাসন করার চেষ্টা করছেন হাবিবুর রহমান হাবিব। মূলত তার প্রতিবাদ করেছি বলেই তিনি সরাসরি আমার উপর হামলার নির্দেশ দিয়েছেন এবং সেটা আমি সামাজিক যোগাযোগ মাধ্যমেও জানিয়ে প্রশাসনকে অবগত করেছিলাম। আজ নিজে উপস্থিত হয়ে মামলা করলাম হামলাকারীদের বিরুদ্ধে। এখন দেখার পালা প্রশাসন কি করে?

তবে অভিযোগের সত্যতা জানতে ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মোঃ বিপুল হোসেন বুদু বলেন, সে কেন আমার বিরুদ্ধে মামলা করেছে সেটা তাকেই জিজ্ঞেস করুন। যে দলের বিরুদ্ধে কাজ করার চেষ্টা করে তাকে নিয়ে বা তার মামলা করার বিষয়ে আমার কোনই মন্তব্য নেই।

তবে হামলার সঙ্গে কোন রাজনৈতিক বিরোধের সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে বলে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আশাদুর রহমান জানিয়েছেন। তিনি বলেন, ঘটনার পর থেকেই আসামী শনাক্তের চেষ্টা চলছে। মামলাটি রাতে নথিভুক্ত হয়েছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]