প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১১:০৯ পিএম
(ভিজিট : ১৭)
বাগেরহাটের রামপালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০.৪৩ গ্রাম হেরোইনসহ মোসাঃ হাফিজা খাতুন (৩৭) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে তার স্বামী বিল্লাল হোসেন মোড়ল (৪০) পালিয়ে যায়।
আজ ২৬ আগস্ট (বুধবার) দুপুর ১২:৩০ ঘটিকায় রামপাল থানাধীন মানিকনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত হাফিজা খাতুন মানিকনগর এলাকার বিল্লাল হোসেন মোড়লের স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বাগেরহাট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক জনাব এস,এম,জাফরুল আলমের নেতৃত্বে মানিকনগর এলাকায় এ বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে অভিযুক্তদের বসতবাড়ি থেকে ১০.৪৩ গ্রাম হেরোইন ও সিমকার্ডসহ ১টি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়।
এ ঘটনায় পরিদর্শক এস,এম,জাফরুল আলম বাদী হয়ে গ্রেপ্তারকৃত নারী ও তার পলাতক স্বামীর বিরুদ্ধে রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।