প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১০:০৬ পিএম
(ভিজিট : ১৮)
চট্টগ্রাম নগরীর বড়পোল মোড়, এনায়েত বাজার ও দেবপাহাড় এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। একইসঙ্গে বিভিন্ন অনিয়মের দায়ে আদায় করা হয়েছে মোট ৭৬ হাজার টাকা জরিমানা।
'আমাদের চট্টগ্রাম' অ্যাপে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা-৪-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। বড়পোল মোড়ে ১০টি মামলায় ২৮ হাজার এবং এনায়েত বাজারে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। দেবপাহাড় এলাকায় ড্রেনের উপর নির্মিত সব দোকান সম্পূর্ণ অপসারণ করা হয়েছে।
অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে ব্যবসা পরিচালনা ও মশার লার্ভা জন্মানোর সুযোগ তৈরির দায়ে সাতজনকে ৬ হাজার ৫০০ টাকা, মেয়াদোত্তীর্ণ ট্রেড লাইসেন্সে দুইজনকে ১ হাজার ৫০০ টাকা এবং সড়কে নির্মাণসামগ্রী রেখে যানজট সৃষ্টির দায়ে একজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকা ফুটপাত এখন পথচারীদের জন্য উন্মুক্ত হয়েছে। চসিক জানিয়েছে, নগরীকে পরিকল্পিত ও বাসযোগ্য রাখতে এই অভিযান নিয়মিত চলতে থাকবে।