প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১:০৪ পিএম
(ভিজিট : ২৮)
ময়মনসিংহের ত্রিশালে অভিযান চালিয়ে ২৫০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর ও ভ্রাম্যমাণ আদালত। তবে অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাছ ফেলে পালিয়ে যান সংশ্লিষ্ট ব্যবসায়ী।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উপজেলার দরিরামপুর মৎস্য আড়তের সামনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, দরিরামপুর মৎস্য আড়তে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির খবর পেয়ে ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল সেখানে অভিযান চালায়। আইনশৃঙ্খলা বাহিনী ও কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট অসাধু ব্যবসায়ী ঘটনাস্থল থেকে দ্রুত সরে পড়েন। এ সময় বিপুল পরিমাণ পিরানহা মাছ ফেলে রেখে পালিয়ে যান তিনি।
পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ২৫০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়।
অভিযানের বিষয়ে ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান বলেন, নিষিদ্ধ পিরানহা মাছের কেনাবেচা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানকালে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সামসুজ্জামান মাসুম, খামার ব্যবস্থাপক মোজাম্মেল হক ও মৎস্য দপ্তরের অফিস সহকারী আব্দুল্লাহ আল মামুন।
নিষিদ্ধ মাছের অবৈধ বেচাকেনার বিরুদ্ধে প্রশাসনের এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে জড়িত ব্যবসায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।