প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১০:৪২ পিএম
(ভিজিট : ৭)
চট্টগ্রামের দুই নম্বর গেইটের স্টার সিনেপ্লেক্সে পরিবার নিয়ে সিনেমা দেখতে এসে চরম বিব্রতকর ও আতঙ্কজনক পরিস্থিতির শিকার হলেন এক নারী। শুক্রবার রাতে ষষ্ঠ তলার ওয়াশরুমে প্রবেশ করে তিনি দেখতে পান, মোবাইল ফোনে তাঁর গোপন ভিডিও ধারণ করার চেষ্টা করছে এক যুবক।
সাহসিকতার পরিচয় দিয়ে তিনি সঙ্গে সঙ্গে যুবককে হাতেনাতে ধরে ফেলেন। শোরগোলে আশপাশের লোকজন এগিয়ে এসে মোবাইল তল্লাশি করে চমকে যান, ফোনে শুধু ওই নারীর নয়, বিভিন্ন সময়ে ধারণ করা আরও অনেক নারীর গোপন ভিডিও পাওয়া গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
আটক যুবকের নাম জিতু পাল (২৩), আনোয়ারা উপজেলার বাসিন্দা। গত সাত-আট মাস ধরে সে এই সিনেপ্লেক্সেই পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করছিল। খবর পেয়ে পাঁচলাইশ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। জব্দ করা ফোনের ভিডিও বিশ্লেষণ করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
বিনোদনের নিরাপদ আশ্রয় ভাবা সিনেমা হলেও এখন নিরাপদ নয় নারীরা ,এই ঘটনা সেটিই স্পষ্ট করে দিল। কর্তৃপক্ষের নজরদারির অভাবে একজন কর্মী মাসের পর মাস এই জঘন্য কাজ চালিয়ে যেতে পারল, এটি শুধু ক্ষোভের নয়, গভীর উদ্বেগেরও বিষয়।