প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১০:৪০ পিএম
(ভিজিট : ১০)
অ্যাডমিট কার্ড হাতে, বুকভরা স্বপ্ন নিয়ে শনিবার সকালে এইচএসসি পরীক্ষা দিতে বেরিয়েছিলেন চট্টগ্রামের পতেঙ্গার মেধাবী তরুণী নাফিসা নাওয়াল (১৮)। কিন্তু পরীক্ষার হলে পৌঁছানো আর হলো না তাঁর। পতেঙ্গার নেভি হাসপাতাল গেটের বিপরীত সড়কে একটি দ্রুতগামী ক্রেনের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন তিনি।
গুরুতর আহত অবস্থায় উপস্থিত লোকজন তাঁকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সকাল ৯টা ৫০ মিনিটে হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মুহূর্তেই হাসপাতালজুড়ে ছড়িয়ে পড়ে স্বজনদের আহাজারি।
নাফিসা ছিলেন সিএমপি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং পতেঙ্গার কাঠগড় এলাকার মামুন-মুক্তা দম্পতির প্রিয় সন্তান। তাঁর এই অকাল মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে গেছে পুরো পতেঙ্গা এলাকা।
একটি অসতর্ক ক্রেন কেড়ে নিল একটি উজ্জ্বল ভবিষ্যৎ। এই মৃত্যু আবারও প্রশ্ন তুলছে আমাদের সড়কগুলো কি আদৌ নিরাপদ? আর কতটি স্বপ্ন এভাবে পিষে যাবে রাস্তার উপর?