প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১০:৩৭ পিএম
(ভিজিট : ৮)
চট্টগ্রামের ডবলমুরিং থানার হাজীপাড়ায় নিজ বাসায় মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন শাহিদ হোসেন (৪৫) নামের একজন সাবেক ব্যাংক কর্মকর্তা। শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক নির্বাহী কর্মকর্তা শাহিদ ২০২৫ সালের সেপ্টেম্বরে চাকরি ছেড়ে দেন। পেশায় আইনজীবীও ছিলেন তিনি, তবে সম্প্রতি বেকার অবস্থায় ছিলেন।
স্ত্রী শারমিন জানান, সকালে হঠাৎ বিকট শব্দ পেয়ে ড্রয়িংরুমে গিয়ে দেখেন স্বামী মাথায় গুলিবিদ্ধ হয়ে পড়ে আছেন। আগের দিন সামান্য মনোমালিন্য হয়েছিল বলে জানান তিনি। কান্নাজড়িত কণ্ঠে বলেন, তাঁদের দুটি সন্তান আছে এবং তিনি নিজে সাত মাসের অন্তঃসত্ত্বা।
সবচেয়ে রহস্যজনক বিষয় হলো ব্যবহৃত পিস্তলটি। পরিবারের কেউ জানেন না এটি কোথা থেকে এলো। অস্ত্রটি বৈধ নাকি অবৈধ তা খতিয়ে দেখছে পুলিশ। ডবলমুরিং থানার ওসি জানান, পারিবারিক কলহের জেরেই এই ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তবে তদন্ত চলছে।