প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১১:৩৬ পিএম
(ভিজিট : ১৪)
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. জাকির হোসেন নামে এক বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) সৌদি সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে জিজান এলাকায় ইলেকট্রিক বাইকে করে কর্মস্থলে যাওয়ার পথে পেছন থেকে আসা একটি মালবাহী গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
নিহত মো. জাকির হোসেন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লাহারপুর চানমারি বস্তির বাসিন্দা। তিনি মৃত মোহাম্মদ জুলফিকার আলীর বড় ছেলে। জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছিলেন তিনি।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার সকালে ইলেকট্রিক বাইক নিয়ে কর্মস্থলের উদ্দেশ্যে বের হন জাকির হোসেন। সৌদি সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে জিজান এলাকার মুসলিয়া শহরের কাছে পৌঁছালে পেছন থেকে আসা একটি মালবাহী গাড়ি তার ইলেকট্রিক বাইককে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর দ্রুত তাকে উদ্ধার করে জিজানের মুসলিয়া শহরের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে আইসিইউতে ভর্তি করেন। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় প্রায় তিন ঘণ্টা পর তার অবস্থার অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, জাকির হোসেন জিজানের ওই হাসপাতালেই চাকরি করতেন। মর্মান্তিক দুর্ঘটনার পর তার মরদেহ বর্তমানে সেই হাসপাতালেই রাখা হয়েছে।
জাকির হোসেনের আকস্মিক মৃত্যুর খবর দেশে তার পরিবারের কাছে পৌঁছালে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও স্থানীয়দের মধ্যে গভীর শোক ও বেদনা বিরাজ করছে।
প্রবাসী এই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং দাফনের বিষয়ে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করা হয়েছে।
মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন ও অসংখ্য স্বজন রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা মরহুম মো. জাকির হোসেনকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন। আমিন।