বুধবার ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


সিআইএমসি'র সামনে কিশোর গ্যাং-ছিনতাইকারীদের আড্ডা, উচ্ছেদের দাবি কর্তৃপক্ষের
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৯:৩৯ পিএম  (ভিজিট : ১৫)
চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় অবস্থিত চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ (সিআইএমসি) ও হাসপাতাল প্রাঙ্গণে নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে প্রবেশমুখের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার (২৬ জুলাই) চন্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে এ সংক্রান্ত একটি লিখিত আবেদন জমা দিয়েছে সিআইএমসি কর্তৃপক্ষ। আবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানের প্রবেশমুখে রাস্তার পাশে কবরস্থানের সামনে গড়ে উঠেছে কিছু অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা, যা এখন কিশোর গ্যাং, মাদকসেবী, বখাটে ও ছিনতাইকারীদের নিয়মিত আড্ডাস্থলে পরিণত হয়েছে।

কর্তৃপক্ষের অভিযোগ, এসব স্থাপনার কারণে মেডিকেল, ডেন্টাল ও নার্সিং কলেজের শিক্ষার্থীরা এবং হাসপাতালে আসা নারী রোগী ও তাদের স্বজনরা নিয়মিত ইভটিজিং ও যৌন হয়রানির শিকার হচ্ছেন। এছাড়া রাতের বেলায় এই এলাকায় বেড়েছে মাদক সেবন, ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড। অবৈধ এসব স্থাপনা অপরাধীদের জমায়েতের প্রধান কেন্দ্রে পরিণত হওয়ায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি হুমকির মুখে পড়েছে বলে মনে করছে কর্তৃপক্ষ।

সিআইএমসি'র অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন (সবুজ) স্বাক্ষরিত আবেদনে উল্লেখ করা হয়, মেডিকেল, ডেন্টাল ও নার্সিং কলেজ মিলিয়ে গঠিত এই ক্যাম্পাসে প্রতিদিন প্রায় ১১০০ শিক্ষার্থী এবং ১০০০ শিক্ষক, চিকিৎসক ও কর্মকর্তা যাতায়াত করেন। পাশাপাশি প্রতিদিন গড়ে ১২০০ জন রোগী ও তাদের স্বজন চিকিৎসাসেবা নিতে আসেন এখানে।

সবার জন্য নিরাপদ পরিবেশ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে অবিলম্বে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য চন্দগাঁও থানা পুলিশের প্রতি অনুরোধ জানিয়েছে সিআইএমসি কর্তৃপক্ষ।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]