সোমবার ২০ জুলাই ২০২৬ ৫ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


ক্রেনের তার ছিঁড়ে ট্রেলার দুই টুকরো, চট্টগ্রাম বন্দরে রাতের আঁধারে বড় দুর্ঘটনা
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৯:১০ পিএম  (ভিজিট : ১৯)
রাত তখন পৌনে আটটা। চট্টগ্রাম বন্দরের সিসিটি টার্মিনালে তখনও চলছে কন্টেইনার খালাসের কাজ। হঠাৎই বিকট শব্দে ছিঁড়ে গেল গ্যান্ট্রি ক্রেনের ক্যাবল আর মুহূর্তের মধ্যে ইয়ার্ডে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলার ট্রাক দুই ভাগ হয়ে গেল। শনিবার (১৮ জুলাই) রাতে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে বন্দরের সিসিটির ৩ নম্বর বার্থে।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জেটিতে নোঙর করা বাণিজ্যিক জাহাজ 'চেং হাই' থেকে কাঠবোঝাই একটি ভারী কন্টেইনার নামানো হচ্ছিল কিউ গ্যান্ট্রি ক্রেন-৪ দিয়ে। নামানোর সময় কন্টেইনারটি ভারসাম্য হারিয়ে ফেললে প্রচণ্ড চাপে ক্রেনের ওয়্যার ছিঁড়ে যায়। ছিঁড়ে পড়া ক্যাবলসহ কন্টেইনারটি সরাসরি আঘাত করে নিচে দাঁড়ানো ট্রেলার ট্রাকটিকে। এতে ট্রাকের পেছনের অংশ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং কন্টেইনারটিও দুমড়ে-মুচড়ে যায়।

সৌভাগ্যবশত এই দুর্ঘটনায় কেউ হতাহত হননি। ঘটনার পরপরই বন্দর কর্তৃপক্ষ উদ্ধার দল পাঠিয়ে ক্ষতিগ্রস্ত কন্টেইনার ও যন্ত্রপাতি সরানোর কাজ শুরু করে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, দুর্ঘটনার সঠিক কারণ জানতে একটি বিশেষ কারিগরি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি যান্ত্রিক ত্রুটির বিষয়টি খতিয়ে দেখে প্রতিবেদন জমা দেবে। পাশাপাশি রোববার সকাল থেকেই ক্ষতিগ্রস্ত ক্রেনটির মেরামত কাজ শুরু করার কথা রয়েছে।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শুধুমাত্র দুর্ঘটনাস্থলের বার্থটি সাময়িকভাবে বন্ধ রয়েছে। বন্দরের অন্য সব বার্থে কন্টেইনার হ্যান্ডলিং ও অপারেশনাল কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিকভাবেই চলছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]